২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির দাবি উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ইরানের ৩১তম বিপ্লব দিবসে বৃহস্পতিবার প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দাবি করেন, পারমণু বোমা তৈরির জন্য যে সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, তা তৈরির অনেকটাই কাছাকাছি পৌঁছেছে তারা। কিন্তু আহমাদিনেজাদের এ দাবি উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ধারণা, ইরান শুধু রাজনৈতিক কারণেই এসব বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 09:27 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

তেহরান/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের ৩১তম বিপ্লব দিবসে বৃহস্পতিবার প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দাবি করেন, পারমণু বোমা তৈরির জন্য যে সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, তা তৈরির অনেকটাই কাছাকাছি পৌঁছেছে তারা। কিন্তু আহমাদিনেজাদের এ দাবি উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ধারণা, ইরান শুধু রাজনৈতিক কারণেই এসব বলছে। আহমাদিনেজাদ তেহরানের আজাদি স্কয়ারে সমবেত লাখো সমর্থকের উদ্দেশে বলেন, ইরান এখন ৮০ শতাংশ সমৃদ্ধ ও খাঁটি ইউরেনিয়াম প্রস্তুত করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, পরমাণু বোমা বানাতে যে পরিমান ইউরেনিয়াম লাগে তার খুব কাছাকাছি এটা। যদিও আহমাদিনেজাদ আবারও স্পষ্ট করে জানিয়েছেন, পারমাণু বোমা বানানোর কোন ইচ্ছা নেই ইরানের। পশ্চিমা বৈরি দেশগুলোকে উদ্দেশ্য করে আহমাদিনেজাদ বলেন, "ইরানিরা যথেষ্ট সাহসী জাতি। তারা যদি কোনওদিন পরমাণু বোমা বানায়, তবে তা প্রকাশ্যে ঘোষণা দিয়েই বানাবে।" তিনি আরও বলেন,"যখন আমরা বলি যে, আমরা পরমাণু বোমা বানাচ্ছি না, এর মানে দাঁড়ায় আমরা আসলেই তা করছি না। কারণ, আমরা এতে বিশ্বাস করি না।" তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পর্যায় নিয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র। ইরান প্রযুক্তিগত দিক থেকে এতটা দক্ষতা অর্জন করেছে-এ কথা যুক্তরাষ্ট্র বিশ্বাস করতে পারছে না। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, "ইরান এ বিষয়ে ধারাবাহিক বিবৃতি দিয়ে আসছে, যার ভিত্তি রাজনৈতিক, আসলে কার্যক্ষেত্রে তা না।" পারমাণবিক বিষয়াদি পর্যবেক্ষণকারী ভিয়েনার চিন্তাবিদরা জানান, অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম তৈরিতে ইরান হয়তো ধারণার চেয়ে বেশি সময় নেবে। তবে কেউ কেউ মনে করেন, ইরান এ কাজে ব্যর্থ হবে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির ডেভিড অলব্রাইট ও ক্রিস্টিনা ওয়ালরন্ডের প্রতিবেদন থেকে জানা যায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতিকে মন্থর করেছে, কিন্তু বন্ধ করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৫০ঘ.