২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে আটক ১০ মার্কিনি মুক্তি পাচ্ছেন

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির ৩৩ জন শিশুকে অপহরণ ও তাদেরকে পাচার করার চেষ্টার অভিযোগে আটক ১০ মার্কিনি মুক্তি পাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 08:37 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

পোর্ট অব প্রিন্স, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির ৩৩ জন শিশুকে অপহরণ ও তাদেরকে পাচার করার চেষ্টার অভিযোগে আটক ১০ মার্কিনি মুক্তি পাচ্ছেন। আদালতের বিচারক এ সিদ্ধান্ত নিয়েছেন। বিচার বিভাগীয় একটি সূত্র বুধবার এ কথা জানায়। সূত্রটি জানায়, ২৯ জানুয়ারি তাদেরকে আটক করা হয়। তাদেরকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হতে পারে। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, "তাদেরকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হতে পারে।" সূত্র আরও জানায়, "তদন্তকারী বিচারক তদন্তে একটা বিষয়ই খুঁজেছেন, সেটা হলো এ ঘটনায় কোনও অপরাধমূলক চিন্তা ভাবনা তাদের ছিল কি-না। কিন্তু আটক মার্কিনিদের মধ্যে এ ধরনের কোনও অপরাধমূল প্রবণতা খুঁজে পাওয়া যায়নি।" এই মার্কিনিরা প্রলয়ঙ্করী ভূমিকম্পের ১৭ দিন পর হাইতি থেকে শিশুদের নিয়ে সীমান্ত পেরিয়ে ডোমিনিকান রিপাবলিকে প্রবেশের চেষ্টা করেছিলেন। রিক্টার স্কেলে ৭ তীব্রতার ওই ভূমিকম্পে ক্যারিবীয় দ্বীপের দরিদ্র দেশ হাইতির ২ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। আহত হয় আরো ৩০ লাখ এবং আশ্রয়হীন হয় অসংখ্য মানুষ। ওই ১০ মার্কিনির মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন নারী। তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এই শিশুদের রক্ষার চেষ্টা করে তারা কোনও ভুল করেননি। সূত্র জানায়, হাইতির আইন অনুযায়ী তদন্তকারী বিচারক বার্নার্ড সেইনভিলকে তার সিদ্ধান্তের একটি নোটিস বৃহস্পতিবারের মধ্যেই সরকারি আইনজীবীকে দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমস/১৪২৫ঘ.