সালংপাস, আফগানিস্তান, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে একটি পার্বত্য টানেলে তুষারধসে নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। আফগান জরুরি উদ্ধারকারীদল উত্তরাঞ্চলের ওই টানেল থেকে ১৫০ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
উদ্ধারকর্মীরা বুধবার তৃতীয় দিনে মতো জীবিতদের সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে।
আশঙ্কা করা হচ্ছে, ওই তুষারধসে আরও অনেক মানুষ এখনও চাপা পড়ে আছে।
মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের সংযোগ পথ হিন্দুকুশ পর্বতের প্রধান রুট সোভিয়েত রাশিয়া-নির্মিত সালং টানেলের ১ দশমিক ৬ মাইল পথটি কয়েকদিনের প্রবল তুষারপাতে চাপা পড়েছে।
কাবুল-সালং মহাসড়ক কর্তৃপক্ষের প্রধান জেনারেল মোহাম্মদ রাজব বলেন, জমে যাওয়া ঠান্ডা ও তুষারপাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। আহত হয়েছে আরও কয়েকশ জন।
রজব রয়টার্সকে বলেন,"উদ্ধার কাজ এখনও চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বরফের আস্তর যত খোঁড়া হচ্ছে ততই বরফ জমাট মৃহদেহ পাওয়া যাচ্ছে। বহু গাড়ি তুষারপাতে ছিটকে পড়েছে এবং কেউ এখনও জীবিত থেকে থাকলে আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।"
রয়টার্সের প্রতিবেদক দলও ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য চাক্ষুস করেছে যে, তুষারধসে পর্বতের ঢালে ছিটকেপড়া একটি যাত্রীবাহী বাসের ভেতর জীবিতরা বাঁচার আকুতিতে সাহায্য চাইছে। গিরিসঙ্কটের গভীর ঢালে বেশ কয়েকটি ছোট কার এবং কমপক্ষে দুটি বাস আটকা পড়তে পারে বলে তাদের ধারণা।
আফগান প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল রহিম ওয়ার্দাক জানান, ১১ হাজার ফুট দীর্ঘ ওই পর্বত পথে অন্তত ৩ হাজার মানুষ আটকা পড়েছে। এর মধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও বরফের নিচে আটকে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১২৫ ঘ.
bdnews24