২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্যাতন অভিযোগের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ ব্রিটেন

গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবিরে আটক এক ব্রিটিশ অধিবাসী বিনাম মোহমেদ নির্যাতিত হওয়ার অভিযোগ গোপন রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ব্রিটেন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 02:45 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

লন্ডন, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবিরে আটক এক ব্রিটিশ অধিবাসী বিনাম মোহমেদ নির্যাতিত হওয়ার অভিযোগ গোপন রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ব্রিটেন সরকার। আপীল আদালতে মামলায় হেরে ওই বন্দির প্রতি নির্মম ও অমানবিক আচরণের অভিযোগ সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশে বাধ্য হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। মিলিব্যান্ড নির্যাতনের তথ্য সম্বলিত ৭ প্যারার গোয়েন্দা তথ্য প্রকাশে বিরত থাকতে ঊর্ধ্বতন বিচারকদের অনুরোধ জানালেও আপীল কোর্ট তা নাকচ করে দেয়। ইথিওপিয়ায়-জন্মগ্রহণ করা মোহামেদের ভাষ্য, ৭ বছর বন্দি থাকাকালে মার্কিন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নির্যাতন করার কথা জানত ব্রিটিশ কর্তৃপক্ষ। কিন্তু এ তথ্য প্রকাশ না করার ব্যাপারে মিলিব্যান্ডের যুক্তি ছিল, এ তথ্য পুরো প্রকাশ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের গোয়েন্দা তথ্য আদান-প্রদান কমে যাবে এবং ব্রিটেনের জাতীয় নিরাপত্তা ক্ষুন্ন হবে। মোহামেদ ২০০২ সালের এপ্রিলে পাকিস্তানে আটক হন। এরপর সিআইএ'র একটি বিমানে করে তাকে মরোক্কো নিয়ে যাওয়া হয়। সেখানে ১৮ মাস বন্দি থাকেন তিনি। ওই সময় বারবার তাকে নির্যাতন করা হয়েছে। ২০০৪ সালে তাকে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় গুয়ানতানামো বে তে। মার্কিন কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করা হয় নি এবং ২০০৯ সালের ফেব্র"য়ারিতে তাকে ব্রিটেনে ফিরিয়ে দেওয়া হয়। লন্ডনের হাই কোর্ট ২০০৮ সালে ৭ টি স্পর্শকাতর প্যারাগ্রাফ বাদে মোহামেদকে নির্যাতনের সব তথ্য প্রকাশ করার রায় দেয়। বিচারকরা পরে জানান, ওইসব তথ্য-প্রমাণ প্রকাশ করা হলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু গত অক্টোবরে জনস্বার্থের কথা বিবেচনা করে হাই কোর্ট তথ্যগুলো বিস্তারিত প্রকাশের রায় দেয়। বুধবার ওই রায়ই বহাল রেখেছে আপীল কোর্ট। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৩ ঘ.