ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১০ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো তুষার ঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে মঙ্গলবার আঘাত হানা এ তুষার ঝড়ে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এলাকায় ১৪ ইঞ্চি বরফের স্তর জমতে পারে।
শুধু তাই নয়, ঝড়ের কারণে জাতিসংঘ সদর দপ্তর বন্ধ রাখা হয়। মার্কিন কংগ্রেসও তার কার্যক্রম কাটছাঁট করতে বাধ্য হয়েছে।
বুধবার ওয়াশিংটনের সরকারি অফিসগুলো বন্ধ রাখা হয়। এতে করে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রাখতে হচ্ছে অফিসগুলো। ফলে প্রতিদিন উৎপাদন ক্ষতি হবে প্রায় ১০ কোটি ডলারের।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের ধারণা, বুধবার রাতের মধ্যেই রাজধানী ওয়াশিংটনে ১৪ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমে যেতে পারে।
জাতিসংঘ জানিয়েছে, ঝড়ের কারণে নিউ ইয়র্কে অবস্থিত তাদের সদর দপ্তর বুধবার বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের ধারণা নিউ ইয়র্ক শহরও ১৪ ইঞ্চি বরফ স্তরে চাপা পড়তে পারে। এদিকে পূর্বাভাষে বলা হয়েছে, বাল্টিমোরে ২০ ইঞ্চি এবং ফিলাডেলফিয়াতে ১৯ ইঞ্চি পর্যন্ত বরফ জমতে পারে।
এছাড়া ঝড়ো হাওয়া তুষাড় ঝড়ের ভয়াবহতা বাড়িয়ে দিতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।
পারসোন্যাল ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, বুধবার ওয়াশিংটনের সরকারি এলাকাগুলো বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্র সরকারের জরুরি বিভাগের কর্মচারীরা আশঙ্কা করছেন, জরুরি দায়িত্ব পাওয়ার। তবে অন্যান্য বিভাগের কর্মীরা ছুটি কাটাতে পারবেন।
এর আগে প্রচণ্ড তুষারপাতের কারণে ওয়াশিংটনে সোমবার ফেডারেল সরকারের দপ্তরগুলো বন্ধ ঘোষণা করা হয়। বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ লোকজনকে এই দুর্যোগে ঘর থেকে না বেরুনোর পরামর্শ দেয়।
দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি পর্যন্ত এলাকায় প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুতবিহীন অবস্থায় থাকে। পুলিশ বলেছে, তুষারপাত জনিত দুর্ঘটনায় ভার্জিনিয়ায় দুজনের মৃত্যু হয়েছে।
কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে এ ধরনের তুষার ঝড়ের নজির নেই। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি স্থানীয় টেলিভিশনে বলেছেন, এতো তুষারপাত ঘটেছে যে আমাদের অনেকেই এরকম তুষারপাত সারা জীবনে দেখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০০ঘ.
bdnews24