নয়াদিল্লি, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন জাতের হাইব্রিড বেগুনের আরও নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভারতে প্রথম বারের মতো জি এম (জেনেটিক্যালি মডিফাইয়েড) শাক সব্জির আনুষ্ঠানিক উৎপাদন স্থগিত করেছে সে দেশের সরকার।
যদিও সমালোচকরা বলছেন, অন্য কথা। মূলত রাজনৈতিক কারণেই চাষীদের কাছে পৌঁছাচ্ছে না নতুন জাতের এ বেগুন।
তবে ভারতের এ সিদ্ধান্ত প্রতিবেশী চীনের বিপরীত। কারণ, গত বছর চীন পোকা মাকড় রোধী জিএম চাল এবং অন্যান্য খাদ্য শস্যকে নিরাপদ বলে অনুমোদন দিয়েছে। শুধু তাই নয়, চীন সরকার সম্ভাব্য খাদ্য ঘাটতির মোকাবেলায় এ বীজের বাজারজাতকরণে দ্রুতগতি আনতেও নানা উদ্যোগ নিচ্ছে।
নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি মনসান্টোর মতো বীজ উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য বিপদ ডেকে আনতে পারে। যারা ভারতে জিএম খাদ্য শস্যের বাজার ধরতে আগ্রহী। এরই মধ্যে তারা গবেষণা এবং উন্নয়ন বাবদ অনেক অর্থও ঢেলেছে।
মঙ্গলবার ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেন, "পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রত্যেকের সন্তুষ্টি অর্জন হলেই কেবল ওই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। এর অর্থ যদি এমন হয় যে, কোনও উৎপাদন শুরু হবে না, তবে তাই।"
রমেশ জানান, যদিও বেশ কিছু দেশ এ ধরনের শস্য চাষ করছে, কিন্তু তাদের অনুসরণ করা ভারতের জন্য যথেষ্ট নয়।
এ সিদ্ধান্ত অবশ্য শাসনক্ষমতায় থাকা কংগ্রেসকে ব্যাপক স্বস্তি দিচ্ছে। কারণ, কংগ্রেসের ভোট বাক্সের বেশির ভাগই পূরণ করে ভারতের চাষীরা। যাদের অনেকেই জিএম খাদ্য উৎপাদনের ব্যাপারে এখনও ভীত। তবে কংগ্রেসকে চাপে পড়তে হবে কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের। কারণ, শারদ পাওয়ারই চাচ্ছেন 'বিটি ব্রিঞ্জাল' নামের হাইব্রিড বেগুনটি সারা দেশে ছড়িয়ে দিতে।
ফলে কংগ্রেসের শরিক দল শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস এ বিষয়টি নিয়ে নতুন করে কাদা ছোড়াছুড়ি শুরু করতে পারে। এমনিতেই দেশটিতে খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণ হিসাবে পারস্পারিক দোষারোপের খেলায় মেতে আছে কংগ্রেস এবং শারদ পাওয়ার।
তবে রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলী বলেন, "সরকার জনমতের ব্যাপারে ভীষণ স্পর্শকাতর। এ কারণেই তারা হয়ত কৃষকদের ভোট না হারানোর জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের পেছনে যত না বৈজ্ঞানিক কারণ জড়িত, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক কারণ জড়িত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৩৫ঘ.
bdnews24