শিকাগো, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বয়স্ক মায়েদের অটিস্টিক সন্তান জন্মদানের ঝুঁকি ক্রমেই বেড়ে যাচ্ছে। তবে বয়স্ক বাবাদের ক্ষেত্রে এ ঝুঁকি তখনই বেড়ে যায়, যখন সন্তানের মায়ের বয়স ত্রিশ বছরের কম হয়।
যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ সোমবার এক সমীক্ষায় এ কথা বলেছেন।
তারা পর্যবেক্ষণ করে দেখেন যে, ৪০ বছর বয়সী মায়ের অটিস্টিক শিশু হওয়ার সম্ভাবনা ২৫ থেকে ২৯ বছর বয়সী মায়ের তুলনায় ৫০ ভাগ বেশি।
তবে ৪০ বা তার অধিক বয়সের বয়স্ক বাবার ক্ষেত্রে এ ঝুঁকি তখনই বেশি থাকে তখন ওই সন্তানের মায়ের বয়স ৩০ বছরের নিচে থাকে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিস মাইন্ড ইনস্টিটিউটের গবেষক ইরভা হার্টজ-পিসিওত্তো বলেন,"বয়স্ক মায়েদের সন্তানেরা অটিজমের ঝুঁকির মধ্য দিয়ে বেড়ে ওঠে। সেক্ষেত্রে ওই সন্তানের পিতার বয়স কম বা বেশি হওয়াটা কোনও ব্যাপার হয়ে দাঁড়ায় না।"
অটিজম রিসার্চ জার্নালে প্রকাশিত এ সমীক্ষাটি পূর্বে ইসরায়েলে জন্ম নেওয়া শিশুদের উপর চালানো সমীক্ষার ফলাফলকে খারিজ করে দিয়েছে। কারণ, ২০০৬ সালের ওই সমীক্ষার ফলাফলে সন্তানদের অটিজম ঝুঁকির ক্ষেত্রে বাবার বয়সই মূল ভূমিকা পালন করে বলে ধরা হয়েছিল।
এক টেলিফোন সাক্ষাৎকারে হার্টজ-পিসিওত্তো বলেন, "সন্তানের অটিজমের ঝুঁকি নিয়ে পিতা মাতার ভূমিকা সম্পর্কে একটি বিতর্ক আছে। বহু মানুষ মনে করেছিলেন, এক্ষেত্রে মায়েদের বয়স কোনও ভূমিকা রাখে না।"
অটিজম নিয়ে বেড়ে ওঠা শিশুদের এ রোগের পেছনের কারণ ব্যাখ্যায় গবেষক এবং নীতি নির্ধারকদের মাথা ঘামাতে হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের ১ শতাংশ শিশু অটিজমের শিকার।
মানসিক ও শারীরিকভাবে অক্ষম অটিস্টিক শিশুর সেরে ওঠার কোনও চিকিৎসা নেই। আর এ রোগের উপসর্গও সামান্যই।
নতুন এ সমীক্ষায় ৪৯ লাখ শিশুর জন্মগ্রহণের তথ্যের পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় অটিজম আক্রান্ত ১২ হাজার ১৫৯ শিশুর বাবা মায়ের বয়স পর্যবেক্ষণ করা হয়েছে।
হার্টজ-পিসিওত্তো বলেন, "আমাদের কাছে এত বেশি তথ্য ছিল যে আমরা বেশ ভালোভাবেই মায়েদের বয়সটিকে কারণ হিসাবে ধরতে পেরেছি। এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ বয়স্ক বাবা- মাদের সন্তান জন্ম দেওয়ার ঝোঁক আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১৫ঘ.
bdnews24