২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিমোশেঙ্কোর প্রতি পরাজয় মেনে নেওয়ার আহবান

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও বিরোধীদলীয় নেতা ভিক্টর ইয়ানুকোভিচ পরাজয় মেনে নেওয়ার জন্য তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 05:22 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

কিয়েভ, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও বিরোধীদলীয় নেতা ভিক্টর ইয়ানুকোভিচ পরাজয় মেনে নেওয়ার জন্য তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর প্রতি আহবান জানিয়েছেন। ইয়ানুকোভিচ সামান্য ভোটের ব্যবধানে টিমোশেঙ্কোর চেয়ে এগিয়ে আছেন। তার বিজয় স্পষ্ট হয়ে উঠেছে। কর্মকর্তারা জানান, ৯৮ দশমিক ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে টিমোশেঙ্কার চেয়ে ইয়ানুকোভিচ ২ দশমিক ৮ শতাংশ ভোট বেশি পেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, অবশিষ্ট ভোট গণনায় টিমোশেঙ্কোর জয়লাভের আর কোন সম্ভাবনা নেই। তবে টিমোশেঙ্কো পরাজয় স্বীকার করেননি। কেন্দ্রিয় নির্বাচন কমিশনের সদস্য মিখাইলো ওখেনদোভস্কি বলেছেন, ভোটাভুটিতে ইয়ানুকোভিচ জয়লাভ করতে চলেছেন। তার শক্ত ঘাঁটি দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভোট গণনায় টিমোশেঙ্কোর সঙ্গে তার ভোটের ব্যবধান বাড়বে। ইউক্রেনে রোববার এই নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, ভোটের ব্যবধান কম হলে টিমোশেঙ্কো সুবিধা নেয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারেন। ইউক্রেনিয়ান ব্যারোমিটার সেন্টারের ভিক্টর নেবোঝেঙ্কো বলেন, "এমন এক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে, নির্বাচনী ফলাফলের পর দু পক্ষই আদালতে যেতে পারেন এবং দু পক্ষের মধ্যে সমঝোতাও হতে পারে।" ভোটের ব্যবধান কমে এলে টিমোশেঙ্কো আদালতের দ্বরস্থ হতে পারেন। আর তা হলে অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হতে পারে। বিশ্লেষকরা আরও বলেছেন, টিমোশেঙ্কো আইনি লড়াইয়ে যাওয়ার আগে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতামত শোনার জন্য অপেক্ষা করতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১২০ঘ.