ঢাকা, ৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক সেনাপ্রধান জেনারেল শরৎ ফনসেকাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
'সামরিক বিধিভঙ্গের' জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফনসেকা গতমাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মহিন্দা রাজাপক্সের কাছে হেরে যান। সাবেক এ সেনানায়ক নির্বাচনে কারচুপির অভিযোগ করে আদালতে যাবেন বলে জানিয়েছিলেন।
শরৎ ফনসেকা গ্রেপ্তারের সময় দপ্তরে বসে তার সমর্থক রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলছিলেন।
প্রত্যক্ষদর্শী রাজনীতিক মুসলিম কংগ্রেসের নেতা রউফ হাকিম বলেছেন, একদল সৈন্য এসে খুবই অসম্মানজনকভাবে ফনসেকাকে পাকড়াও করে নিয়ে যায়।
প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্সের ৬০ লাখ ভোটের বিপরীতে ফনসেকা ৪০ লাখ ভোট পেয়েছিলেন।
ন্যাশনাল সিকিউরিটি বিভাগের মহাপরিচালক লক্ষণ হুলুগালে বিবিসিকে বলেন, সেনাবাহিনীর সদস্য হয়েও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার কারণে ফনসেকার বিরুদ্ধে সামরিক বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সরকার বলছে অবসর নেওয়ার পরও ওই বিধি তার জন্য প্রযোজ্য।
এর আগে ফনসেকার বিরুদ্ধে সরকার উৎখাতের কথিত চেষ্টার অভিযোগে কোর্টমার্শালের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছিল।
শরৎ ফনসেকার নেতৃত্বেই শ্রীলঙ্কার সেনাবাহিনী সিকি শতাব্দীর বেশি সময় ধরে চলা তামিল টাইগারদের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটায়। তবে এরপরই প্রেসিডেন্ট রাজাপক্সের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০২০০ঘ.
bdnews24