মিউনিখ, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব নিরাপত্তা নিয়ে আলোচনার মঞ্চ হওয়া উচিত ন্যাটোর। আর এর জন্য চীন, ভারত, পাকিস্তান এবং রাশিয়ার সঙ্গে ন্যাটোর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা দরকার।
ন্যাটো মহাসচিব আন্দ্রে ফহ রাসমুসেন রোববার একথা বলেছেন। তবে তার এ প্রস্তাবের বিরোধিতা করেছেন রাশিয়ার এক ঊর্ধ্বতন রাজনীতিবিদ।
রাসমুসেন বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতায় ৪ টি দেশেরই স্বার্থ জড়িত এবং তারা দেশটির উন্নয়ন সাহায্য ও সহায়তায় আরও বেশিকিছু করতে পারে।
তিনি বলেন, "ন্যাটোর সঙ্গে চীন, ভারত, পাকিস্তান, রাশিয়া ও অন্যান্যদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে ক্ষতি কি? আসলে আমি মনে করি এতে আসলে আস্থা, আত্মবিশ্বাস এবং সহযোগিতার দিক দিয়ে লাভই হবে।"
তিনি আরও বলেন, সন্ত্রাসের প্রসঙ্গ ছাড়াও সাইবার অ্যাটাক, পরমাণু অস্ত্রবিস্তার, জলদস্যুতা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রতিযোগিতাসহ আফগানিস্তানের মতো নিরাপত্তা প্রসঙ্গ নিয়েও অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনার মঞ্চ হওয়া উচিত ন্যাটোর।
কিন্তু রাসমুসেনের একথার বিরোধিতা করে রাশিয়ার পার্লামেন্ট দুমার আন্তর্জাতিক এফেয়ার্স কমিটির চেয়ারম্যান কনস্ট্যানটিন কোশাচেভ বলেন, ন্যাটোকে আগে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, নাটো বেশি বেশি বৈশ্বিকভাবে কাজ করার চেষ্টা করলেও তারা এখনও স্থানীয়ভাবেই চিন্তা-ভাবনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৩ ঘ.
bdnews24