বুখারেস্ট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপ্রত্যাশিতভাবে ইউরোপের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়ার প্রস্তাব মেনেছে রুমানিয়া। শুক্রবার এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
রুমানিয়ার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা ইউরোপের সুরক্ষায় ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তাবে রাজি হয়েছে।
রুমানিয়ার প্রেসিডেন্ট ট্রেইয়ান বাসেসকু বলেন, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো দেশের অভ্যন্তরেই বসানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী রুমানিয়ায় এসব ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা ২০১৫ সাল থেকে কাজ শুরু করবে। তবে এ নতুন ব্যবস্থা রাশিয়া বিরোধী হবে না। আমি এটা জানিয়ে দিতে চাই যে, রাশিয়া বিরোধী কোনও ব্যবস্থার আয়োজক রুমানিয়া হবে না। তবে অন্যান্য হুমকি রুখতে এটা ব্যবহৃত হবে।"
তিনি আরও বলেন, "দেশের সংবিধান এবং আইন বজায় রেখেই এ চুক্তি করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি বিরোধী যে কোনও জনবিতর্ককেই বিবেচনায় নেওয়া হবে।"
বাসেস্কু এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত না বললেও ওবামা প্রশাসনের এ প্রস্তাবটি বুশ প্রশাসনের নেওয়া পরিকল্পনারই নতুন রূপ। বুশ আমলে চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রকেট মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল।
ওই প্রতিরক্ষা পরিকল্পনা রাশিয়ার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। কারণ রাশিয়া মনে করে, এ ব্যবস্থা রাশিয়ার জন্য হুমকি হওয়ার পাশাপাশি এ অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বৃদ্ধির সম্ভাবনাও তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪২ ঘ.
bdnews24