নয়াদিল্লি, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পলানিয়াপ্পন চিদাম্বরম এক আঞ্চলিক বৈঠকে যোগ দিতে এ মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন। তার এই সফরের মধ্য দিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কোন্নয়নের একটি ক্ষেত্র তৈরি হতে পারে।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দু দেশের সম্পর্কের অবনতি ঘটে। এই হামলার জন্য ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদের প্রতি দাবি জানায়।
এই হামলার ঘটনার পর চিদাম্বরমই হবেন ভারতের উচ্চ পর্যায়ের কোন ব্যক্তি যিনি পাকিস্তান সফর করবেন।
তার সফর আগামী ২৬ ও ২৭ ফেব্র"য়ারি অনুষ্ঠিত হবে। ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহ প্রকাশ করার পর তার এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে। তালেবান জাঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ইসলামাবাদ যাতে পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে উদ্বেগমুক্ত থাকতে পারে এবং আফগানিস্তান সীমান্তের দিকে পুরোপুরি নজর দিতে পারে সে লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মনে করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চিদাম্বরম পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পাকিস্তান তার মাটিতে জাঙ্গিদের দমনে কী অগ্রগতি অর্জন করেছে বৈঠকে তার ওপর আলোকপাত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩১৫ঘ.
bdnews24