নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে দুই মার্কিন গোয়েন্দাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পাকিস্তানি নারী আফিফা সিদ্দিকীকে নিউ ইয়র্কের আদালত বুধবার দোষী সাব্যস্ত করেছে। ২০০৮ সালের জুলাইয়ে আফগানিস্তানের গজনী প্রদেশে আফিফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় আফিফা ওই দুই মার্কিন গোয়েন্দাকে গুলি করেন।
মার্কিন গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করার সময় ৩৭ বছর বয়সী আফিফা একজন ওয়ারেন্ট অফিসারের রাইফেল কেড়ে নিয়ে এফবিআই এজেন্ট ও সৈন্যদের গুলি করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সেনারা তাকে মেঝেতে ফেলে দিলে ধস্তাধস্তি হয় এবং রাইফেলের গুলি বেরিয়ে যায়। এতে মার্কিন এজেন্ট বা গোয়েন্দার কেউ হতাহত না হলেও আফিফা নিজে গুলিবিদ্ধ হন।
আল কায়েদার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আফিফাকে গ্রেপ্তার করা হয়।
নিউ ইয়র্কে আদালতে ১২ সদস্যের জুরি বোর্ড দুদিন ধরে নানা আইনি বিষয় পর্যালোচনা করে এবং সর্বসম্মতভাবে আফিফাকে দোষী সাব্যস্ত করে। হত্যা চেষ্টা ও লাঞ্চিত করাসহ সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আফিফাকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাস বলেছে, আফিফার জন্য যখন কুটনৈতিক ও আইনি সহায়তার চেষ্টা করা হচ্ছে তখন
এ অপ্রত্যাশিত রায় হতাশ করেছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, "পাকিস্তানি নাগরিক হিসাবে তার ন্যায় বিচার পাওয়ার জন্য পাকিস্তান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।"
ছোটখাটো গড়নের আফিফা ধূসর জোব্বা ও সাদা স্কার্ফ পরে মুখ ঢেকে আদালতে আসেন। রায় প্রদানের পর তিনি কোন আবেগ প্রকাশ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭০০ঘ.
bdnews24