বেইজিং/ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিযোগিতার বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য যাতে প্রতিকূল পরিস্থিতিতে না পড়ে তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট বারাক ওবামা বাণিজ্য নীতিমালা ও মূদ্রার মূল্যমানের বিষয়ে চীনের প্রতি 'আরো কঠোর অবস্থান' নেওয়ার কথা বলেছেন।
ওবামা বুধবার ডেমোক্র্যাট সিনেট সদস্যদের সঙ্গে এক বৈঠকে বলেন, তার প্রশাসন চীন ও অন্যান্য দেশের প্রতি তাদের বাজার উন্মুক্ত করার এবং বাণিজ্য নীতিমালা প্রয়োগ করার জন্য চাপ প্রয়োগ করছে।
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিকল্পণা এবং তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে বারাক ওবামার সম্ভাব্য বৈঠক নিয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
ওবামা বলেন, আমরা যে বিষয়টির কথা বলছি তা হলো বর্তমানে যে বাণিজ্য নীতিমালা আছে তা পুরোপুরি প্রয়োগে কঠোর ব্যবস্থা নেওয়া। চীন ও অন্যান্য দেশ যাতে পরস্পরের বাজার উন্মুক্ত করে সে জন্যে তাদের ওপর চাপ সৃষ্টি করা।
তিনি আরও বলেন, আমাদের সামনে এখন অন্যতম চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক বাজারে মূদ্রার মূল্যমান। আমাদের পণ্যের দাম কৃত্রিম উপায়ে বেড়ে যাওয়া এবং তাদের পণ্যের দাম যাতে কম না হয় সে লক্ষ্যে মূদ্রার মূল্যমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
অবশ্য ওবামা একথাও জোর দিয়ে বলেছেন যে, তিনি চীনের ব্যাপারে রক্ষণশীল নীতি অবলম্বন করবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪০ঘ
bdnews24