তেহরান, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান কৃত্রিম উপগ্রহবাহী রকেটের সফল পরীক্ষা চালিয়েছে বুধবার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে দূরপাল্লার যে ব্যালাস্টিক প্রযুক্তি ব্যবহার করা হয় তা দিয়ে ওয়ারহেডও উৎক্ষেপণ করা যায় বলে ইরানের এ পরীক্ষায় পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন। যদিও ইরান বলছে, তাদের ওয়ারহেড উৎক্ষেপনের কোনও পরিকল্পনা নেই।
ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আলম এর বেশি কিছু জানায়নি। তবে তারা জানায়, কাভোসঘার ৩ কৃত্রিম উপগ্রহের সফল পরীক্ষা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরনআইবিও এ পরীক্ষার কথা জানিয়েছে।
এর আগে অন্য একটি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানায়, বুধবার ইরান তিনটি নতুন কৃত্রিম উপগ্রহ এবং একটি উপগ্রহ বাহক পরীক্ষা করবে।
প্রচারমাধ্যমটি আরও জানায়, তেহরানের ওই উৎক্ষেপণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ উপস্থিত থাকবেন। তবে এর বেশি কিছু জানায়নি তারা।
ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভি জানায়, ইরান কৃত্রিম উপগ্রহ বহনকারী বুস্টার রকেট উৎক্ষেপণ করেছে। প্রেস টিভি ওই রকেটের নাম সিমোর্ঘ বলে উল্লেখ করে। তবে তারা কভোস্ঘার রকেটের কথা উল্লেখ করেনি।
মূলত বছরখানেক আগে ইরান প্রথমবারের মতো ঘরোয়াভাবে নির্মিত একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠায়। এতে পশ্চিমা দেশগুলো ভীত হয়ে পড়ে এই ভেবে যে ইরান হয়তো এর মাধ্যমে পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা চালাবে।
কিন্তু বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান জানায়, তাদের বেসামরিক পরমাণু কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন।
গত বছর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে তারা বলেছিল, শান্তিপূর্ণভাবে টেলিযোগাযোগ এবং গবেষণা কর্মের উন্নয়নের লক্ষ্যেই তারা এ উপগ্রহ পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৪৩ ঘ.
bdnews24