প্যারিস, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের প্রেসিডেন্ট পদের দাবীদার আলাসান ওয়াত্তারার প্রবাসী সমর্থকরা সোমবার প্যারিসের আইভরিয়ান দূতাবাস ছয় ঘন্টারও বেশী সময় দখল করে রাখার পর ছেড়ে গেছে।
দূতাবাস দখল করে তারা আইভরি কোস্টের প্রেসিডেন্ট পদে আসীন লর্যাঁ বাগবোকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানায়।
দূতাবাস ভবনটির বাইরে ওয়াত্তারার রাজনৈতিক দল আরএইচডিপি'র এক সদস্য মার্শেল ইউপেহ্ ফরাসি টেলিভিশনকে জানান, প্রেসিডেন্ট ওয়াত্তারা দূতাবাস দখলকারী তরুণদের দূতাবাসের দখল ছেড়ে দিয়ে বাসায় চলে যাওয়ার কথা বলার জন্য তাকে অনুরোধ জানিয়েছিলেন।
ফরাসী টেলিভিশনের এক রিপোর্টে জানানো হয়, ২০ জন মতোর সমর্থক শান্তিপূর্ণভাবে দূতাবাসটি দখল করে দূতাবাস কর্মচারীদের ভবনটি ছেড়ে যেতে বাধ্য করে । তারা ছয় ঘন্টা দূতাবাস ভবন দখলে রাখে।
ফরাসি পুলিশের একটি দল দূতাবাসটির বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে থেকে ওই জায়গায় সমবেত ওয়াত্তারার অন্যান্য সমর্থকদের ভেতরে প্রবেশে বাধা দেয়।
ফ্রান্সে নিযুক্ত বাগবোর পক্ষাবলম্বনকারী আইভরিয়ান রাষ্ট্রদূত পিয়েরি ক্রিপরি এসময় দূতাবাসে ছিলেন না বলে জানায় স্থানীয় এক গণমাধ্যম।
এ ঘটনার আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মিশেল আলিয় ম্যারি এক ঘোষণায় জানান, ওয়াত্তারা সরকারের অনুরোধে সাড়া দিয়ে ফ্রান্স নতুন একজন আইভরিয়ান রাষ্ট্রদূতের নিয়োগ অনুমোদন করবে।
ফরাসি টেলিভিশন জানায়, সোমবার দিনশেষে ওয়াত্তারা ফ্রান্সে আইভরি কোস্টের রাষ্ট্রদূত হিসেবে নতুন একজনের নাম ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24