২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের কাছে এখনো জীবন্ত বেনজির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার তিনবছর পরও তার ছোট মেয়ে আসিফা ভুট্টো জারদারির কাছে তিনি এখনো জীবন্ত। আসিফার কাছে মনে হয়, তার মা যেন কাল কোথাও গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 09:14 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার তিনবছর পরও তার ছোট মেয়ে আসিফা ভুট্টো জারদারির কাছে তিনি এখনো জীবন্ত। আসিফার কাছে মনে হয়, তার মা যেন কাল কোথাও গেছেন। সোমবার টুইটারে দেওয়া এক বার্তায় আসিফা তার এ অনুভূতি প্রকাশ করেন বলে এনডিটিভির অনলাইন সংস্করণের মাধ্যমে জানা গেছে। টুইটার বার্তায় আসিফা বলেন, "ডিসেম্বর ২৭, ২০১০, অথচ ২০০৭ সালকে মনে হচ্ছে এই যেন কালকের কথা।" ২৭ ডিসেম্বর সোমবার ছিল বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে পকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে এক নির্বাচনী মিছিলে আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির নিহত হন। নিহত বেনজির ভুট্টো ১৯৮৮ থেকে ১৯৯০ ও পরবর্তীতে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত তিনিই পাকিস্তানের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর প্রথম সন্তান। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার স্বামী। বেনজির নিহত হওয়ার বছরে আসিফার বয়স ছিল ১৫। বর্তমানে স্কটল্যান্ডে শিক্ষারত আসিফা পাকিস্তানের জাতীয় পোলিও প্রতিরোধ প্রকল্পের দূত। এর আগে টুইটারে আর এক বার্তায় আসিফা লেখেন, "ইয়া আল্লা, ইয়া রাসুল, বেনজির বে কসুর"। অর্থাৎ "হে আল্লা, হে রাসুল, আমার মা নিরপরাধ।" আসিফা ও তার বড় বোন বখতাওয়ার মা হারানোর বেদনায় আচ্ছন্ন যা প্রায়ই তার টুইটারবার্তায় প্রকাশ পায়। আসিফা ও বখতাওয়ার এবং তাদের একমাত্র ভাই বিলওয়াল মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের জন্য বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। পড়াশোনার জন্য তারা তিনজনই যুক্তরাজ্যে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৬ ঘ.