২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিকথায় উইকিলিকসের আদ্যোপান্ত জানাবেন অ্যাস্যাঞ্জ

গোপন নথি ফাঁস করে দিয়ে সাড়া ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ তার স্মৃতিকথায় নিজের জীবন ও উইকিলিকসের আদ্যোপান্ত তুলে ধরবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোপন নথি ফাঁস করে দিয়ে সাড়া ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ তার স্মৃতিকথায় নিজের জীবন ও উইকিলিকসের আদ্যোপান্ত তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের নফ প্রকাশনা সংস্থা সোমবার এ কথা জানায়। নফ'র মুখপাত্র পল বোগার্ডস বলেন, অ্যাস্যাঞ্জ ও তার প্রকাশনী সংস্থা বড়দিনের ঠিক আগে তার স্মৃতিকথাভিত্তিক গ্রন্থ প্রকাশের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। এর পাণ্ডুলিপি ২০১১ সালে পাওয়া যাবে। তবে গ্রন্থটির নাম কি হবে এ ব্যাপারে এখনো কোনোকিছু ঠিক হয়নি বলে বাগার্ডস জানান। বোগার্ডস বলেন, "এতে বর্তমান সময় থেকে শুরু করে তার (অ্যাস্যাঞ্জ) পূর্ণাঙ্গ জীবনী এবং উইকিলিকস প্রতিষ্ঠা ও এর কর্মকাণ্ড সম্পর্কে সবকিছু থাকবে।" তিনি আরো বলেন, "কবে নাগাদ এটি প্রকাশিত হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি।" এই গ্রন্থ প্রকাশের বিষয়টি স্বীকার করে 'দ্য সানডে টাইমস'-কে অ্যাস্যাঞ্জ জানান, আইনি লড়াই চলানোর জন্য অর্থনৈতিক চাপে পড়ে তিনি এই চুক্তি করেছেন। চুক্তির ফলে অ্যাস্যাঞ্জকে নফ প্রকাশনী দেবে ৮ লাখ মার্কিন ডলার এবং ব্রিটিশ প্রকাশনা সংস্থা ক্যানোনগেট দেবে ৫ লাখ মার্কিন ডলার। টাইমসকে অ্যাস্যাঞ্জ আরো বলেন, "এই বই আমি লিখতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছি।" আইনি ঝামেলার পরিপ্রেক্ষিতে ৩ লাখ ৮ হাজার মার্কিন ডলারের ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "উইকিলিকসকে চালু রাখতেই আমার নিজেকে রক্ষা করা প্রয়োজন।" চলতি ৩৯ বছর বয়সী জুলিয়ান অ্যাস্যাঞ্জ ইরাক-আফগান যুদ্ধ ও মার্কিন কূটনীতির গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেন। তার বিরুদ্ধে সুইডেনে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটেনে গ্রেপ্তার করা হয় অ্যাস্যাঞ্জকে। বর্তমানে তিনি শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১১ ঘ.