ব্রিটেন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ব্রিটেনে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ৯ জনের বিরুদ্ধে বোমা হামলার চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডের পুলিশ সোমবার একথা জানিয়েছে।
অভিযুক্ত ৯ জনকে পরে সিটি অব ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হবে।
এদের বয়স ১৯ থেকে ২৮ এর মধ্যে। এদের তিনজনকে কার্ডিফ থেকে, দুইজনকে পূর্ব লন্ডন এবং ৪ জনকে স্টোক অন ট্রেন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
২০ ডিসেম্বরে ওয়েস্ট মিডল্যান্ডস এর সন্ত্রাস-বিরোধী বাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে এই ৯ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে।
এ বছর ১ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা ও প্রস্তুতি নেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে।
কার্ডিফের অভিযুক্ত তিনজনের নাম, গুরুখন্ত দেশাই (২৮), ওমর শরীফ লতিফ (২৬) এবং আব্দুল মালিক ম্ঞিা (২৪)। লন্ডনের দুইজন অভিযুক্তের নাম মোহাম্মদ মকসুদুর রহমান চৌধুরি (২০), শাহ মোহাম্মদ লতিফুর রহমান (২৮),
অন্যদিকে, স্টোক অন ট্রেন্ট এর চার অভিযুক্ত হচ্ছে, নাজাম হুসেইন (২৫), উসমান খান (১৯), মহিবুর রহমান (২৬), আবুল বোসের মোহাম্মদ শহাজাহান (২৬)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.
bdnews24