নিউ ইয়র্ক, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল। তুষারপাতে ঢেকে গেছে রাস্তাঘাট। বাতিল হয়ে গেছে একাধিক বিমানবন্দরের কয়েক হাজার ফ্লাইট। ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগও।
পূর্বউপকূল অভিমুখে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি জায়গায় ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। কয়েকটি শহরে আরো তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়াবিদরা।
প্রায় গোটা পূর্বউপকূলজুড়ে মাইন থেকে নিউ জার্সি পর্যন্ত তুষারঝড়ের সতর্কসংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।
নিউ জার্সির পূর্বাঞ্চল, নিউ ইয়র্ক সিটি এবং পশ্চিমের লং আইল্যান্ডে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রোববার সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরসহ নিউ ইয়র্কের বিমানবন্দরগুলো। বাতিল হয়ে গেছে অন্ততপক্ষে ২ হাজার ফ্লাইট। বন্ধ হয়ে গেছে নিউ ইয়র্ক ও বোস্টনের মধ্যকার রেল যোগাযোগ।
ম্যাসাচুসেটস এবং মাইনসহ ছয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১১ ঘ.
bdnews24