ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের একটি জাহাজের সঙ্গে চীনের মাছ ধরার ট্রলারের সংঘর্ষের ঘটনায় আটক তিন চীনা জেলেকে মুক্তি দেওয়া হয়েছে।
ওই তিন জেলে এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে বলে শনিবার দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলেদের মুক্তি প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইয়োনহাপ সংবাদসংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, "ওই অপরাধের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত না থাকার কারণে এই নাবিকদের আমরা (কোস্ট গার্ড) অভিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি।"
ওই কর্মকর্তা আরো জানান, "আমাদের তদন্তে তারা সম্পূর্ণ সহায়তা করেছে।"
সিউল জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে পীত সাগরে চীনা জেলেদের অবৈধভাবে মাছ ধরা ঠেকাতে গিয়ে এই ঘটনা ঘটে ।
সিউল আরো জানায়, মাছ ধরার ট্রলারটি সচেতনভাবেই কোস্টগার্ডের জাহাজটিকে আঘাত করে। এর পরিণতিতে ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় এক জেলের মৃত্যু হয়।
ওই সময় জেলেরা ধাতব দণ্ড নিয়ে হামলা চালালে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের চার সদস্য আহত হয়।
বিষয়টি নিয়ে সিউল ও বেইজিং-এর মধ্যে কূটনৈতিক বিতর্ক শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.
bdnews24