২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাজাউর এলাকায় শনিবার এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 05:50 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

পেশোয়ার, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাজাউর এলাকায় শনিবার এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণ নিতে জড়ো হওয়া সালারজাই আদিবাসী গোষ্ঠীর লোকদের ওপর বোরকা পরা একজন ওই হামলা চালায়। গোষ্ঠীটি জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীকে সহায়তা করে আসছে। আফগানিস্তান সীমান্তবর্তী বাজাউরের মোহমান্দ এলাকায় শুক্রবার সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে তালেবান জঙ্গিদের হামলায় ১১ সেনা নিহত হওয়ার পরদিন এ ঘটনা ঘটলো। ওই ঘটনায় সেনাদের পাল্টা হামলায় ২৪ তালেবান সদস্য নিহত হয়। শনিবারের হামলায় হতাহতদের সম্পর্কে বাজাউরের প্রধান সরকারি হাসপাতালের কর্মকর্তা দোস্তি রেহমান বলেন, "আমি ৪০টি লাশ দেখেছি। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।" বাজাউরের শীর্ষ সরকারি কর্মকর্তা জাকির হুসেইন নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, হামলায় আরো ৬০ আদিবাসী আহত হয়েছে এবং তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা আরো জানান, হতাহতদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত বোরকা পরা এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানোর আগে দুটি গ্রেনেড নিক্ষেপ করে। তারা ডব্লিউএফপি খাদ্য সংগ্রহ করতে সেখানে জড়ো হয়েছিলেন। হামলাকারী নারী না পুরুষ তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। ডব্লিউএফপির একজন মুখপাত্র জানান, খাবার বিতরণ কেন্দ্রের কাছে একটি তল্লাশি চৌকির সামনে জড়ো হওয়া মানুষের ওপর হামলাটি হয়। প্রত্যক্ষদর্শী হুসাইন আহমেদ রয়টার্সকে বলেন, "দুটি বিস্ফোরণ হওয়ার সঙ্গেসঙ্গেই মানুষ দিশেহারা হয়ে আশ্রয়ের জন্য ছুটছিলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে একটি বড় বিস্ফোরণ হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এজে/১৭০৩ ঘ.