সিউল, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক এর 'নির্মম পাল্টা হামলা'র হুমকির জবাবে বৃহস্পতিবার পরমাণু অস্ত্র ব্যবহার করে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া আবারো আক্রান্ত হলে উত্তর কোরিয়ায় 'নির্মম পাল্টা হামলা' চলবে বলে বৃহস্পতিবার হুমকি দেন লি।
তিনি বলেন, "উত্তরের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া দর্শক হয়ে থাকবে না।" তিনি আরো বলেন, "আমাদের বিশ্বাস ছিল, সহিষ্ণুতাই এ অঞ্চলে শান্তি নিশ্চিত করবে, কিন্তু প্রকৃত অবস্থা তা নয়।"
লি এর এ হুমকির প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা পিয়ংইয়ংয়ে প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-চুন এর বক্তব্য উদ্ধৃত করে বলেছে, "শত্র"রা পরিস্থিতিকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার যে দুরভিসন্ধিমূলক চেষ্টা নিয়েছে তার পাল্টা জবাবে আমাদের বিপ্লবী বাহিনী পরমাণু অস্ত্রের ওপর নির্ভর করে প্রয়োজনবোধে যে কোনো সময় পবিত্র যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে।"
দক্ষিণ কোরিয়া নতুন করে জল এবং স্থলে বড় ধরনের সামরিক মহড়া শুরু করার এ সময়টিতে দুপক্ষের এ উত্তপ্ত বাগযুদ্ধ শুরু হলো।
কোরীয় সীমান্তবর্তী পোচেয়নে বৃহস্পতিবার পূর্ণ শক্তির সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
কোরীয় সীমান্তের ২০ কিলোমিটার দক্ষিণে পোচেয়নে পদাতিক, গোলন্দাজ ও বিমান বাহিনী একযোগে বৃহস্পতিবার দুপুরে এ সামরিক মহড়া শুরু হয়েছে।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, "এটা যুদ্ধবাজ চরিত্রের প্রদর্শনী।"
ওদিকে, দক্ষিণ কোরিয়ার ভাষ্য, উত্তর কোরিয়া আবার উস্কানি দেবে। তাই আমাদের উচিত তা মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা।
তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার যুদ্ধে নামার সম্ভাবনা নেই।
কারণ, উত্তর কোরিয়া আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের আবার পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়ার যে প্রস্তাব দিয়েছে তা নতুন করে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর মতো কোনো ফল বয়ে আনে কিনা তাইই পিয়ংইয়ং এ মুহুর্তে দেখার অপেক্ষায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24