প্যারিস/আবিদজান, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আহ্বান জানানোর পরও ক্ষমতা হস্তান্তরে নারাজ আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে তহবিল বন্ধ করেছে বিশ্ব ব্যাংক।
প্যারিসে বুধবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিককে আইভরি কোস্টের ব্যাংক ঋণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "এ ঋণ ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে।"
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে প্যারিসে বৈঠক শেষে জোয়েলিক এ কথা বলেন।
এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানায়, প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো নির্বাচনে হেরেছেন এবং তার সরে যাওয়া প্রয়োজন বলে ইকোয়াস ও আফ্রিকান ইউনিয়ন যে বার্তা পাঠিয়েছে তা বিশ্ব ব্যাংক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সমর্থন করে।
এদিকে, আইভরি কোস্টের নির্বাচন কমিশন ঘোষিত প্রেসিডেন্ট পদে বিজয়ী আনাসালে ওয়াত্তারার ঘনিষ্ঠ এক সহযোগী বলেছেন, জিব্যাগবোকে শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা থেকে নামানোই এ সংকটের 'একমাত্র সমাধান'।
অন্যদিকে, দেশটির সংকট আবার গৃহযুদ্ধে মোড় নিতে পারে বলে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন সতর্ক করেছেন।
ফ্রান্সও তার নাগরিকদের আইভরি কোস্ট ছাড়ার অনুরোধ জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে বর্তমানে ফ্রান্সের প্রায় ১৩ হাজার নাগরিক রয়েছে।
গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াতারাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সে ফলাফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো।
নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার নেতারা জিব্যাগবোর প্রতি বার বার আহ্বান জানালেও তা নাকচ করে সেখান থেকে শান্তিরক্ষী বাহিনীকে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি।
কিন্তু জাতিসংঘ সেই নির্দেশ প্রত্যাখ্যান করে সেখানে আরো ছয় মাস শান্তিরক্ষী বাহিনী রাখার ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/সিআর/১০১৫ ঘ.
bdnews24