২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকদের আইভরি কোস্ট ছাড়তে বললো ফ্রান্স

আইভরি কোস্টে সহিংস ক্ষমতার লড়াই আরো তীব্রতর হতে থাকায় ফ্রান্স সেখান থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

প্যারিস, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইভরি কোস্টে সহিংস ক্ষমতার লড়াই আরো তীব্রতর হতে থাকায় ফ্রান্স সেখান থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ লরেন্ট জিব্যাগবো এবং আলাসানে ওয়াতারার মধ্যে ক্ষমতার লড়াইয়ে জটিল হয়ে উঠেছে আইভরি কোস্টের পরিস্থিতি। আইভরি কোস্ট সংকট আবার গৃহযুদ্ধে মোড় নিতে পারে বলে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সতর্কবাণীর পর ফ্রান্স তাদের নাগরিকদের সতর্ক করলো। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে বর্তমানে ফ্রান্সের প্রায় ১৩ হাজার নাগরিক আছে। ফ্রান্স সরকারের মুখপাত্র ফ্রঁসোয়া বারোঁ প্যারিসে বলেছেন, তারা নাগরিকদের আইভরি কোস্ট ছাড়তে বলে 'পূর্বসতর্কতামুলক' পদক্ষেপ নিয়েছেন। যারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাময়িকভাবে আইভরি কোস্ট ছাড়তে পারবে তাদেরকেই এ অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। বিবিসি একথা জানিয়েছে। সংবাদদাতারা বলছেন, আইভরি কোস্টে উত্তেজনা বাড়তে থাকায় ১০ হাজার জাতিসংঘ কর্মকর্তা ও অন্যান্য বিদেশিদের ওপর হামলা হতে পারে। আইভরি কোস্টে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনওসিআই) সদস্যদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বান বলেন, জিব্যাগবোর অনুগত বাহিনী শান্তিরক্ষী বাহিনীর কাজে বাধা সৃষ্টি করছে এবং ওয়াত্তারার নিরাপত্তায় নিয়োজিত ৮ শ' শান্তিরক্ষীকে অবরুদ্ধ করে রেখেছে। গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াতারাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সে ফলাফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো। নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার নেতারা জিব্যাগবোর প্রতি বার বার আহ্বান জানালেও তা নাকচ করে সেখান থেকে শান্তিরক্ষী বাহিনীকে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। জিব্যাগবোগে পদত্যাগে বাধ্য করতে আইভরি কোস্টে তহবিল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। প্যারিসে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিককে আইভরি কোস্টের ব্যাংক ঋণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ ঋণ ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/২০৩২ ঘ.