ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র, প্রকাশক এবং ওয়েবসাইট পরিচালনাকারীদের ওপর বিদেশি শব্দ, বিশেষ করে ইংরেজি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
এ নিষেধাজ্ঞার আওতায় বেতার ও টেলিভিশনও রয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ ও প্রকাশনা কর্তৃপক্ষ বলছে, এ ধরনের শব্দ ব্যবহার চীনা ভাষার শুদ্ধতাকে ধ্বংস করছে।
চীনা ভাষাই আদর্শরূপে গৃহীত হওয়া উচিৎ। সংবাদমাধ্যমের উচিৎ 'চিংলিশ' (চীনা ও ইংরেজি শব্দের মিশ্রণ) জাতীয় বিদেশি শব্দ বা নামের সংক্ষিপ্ত রূপ এড়িয়ে চলা।
পিপলস ডেইলির বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদ ও প্রকাশনা কর্তৃপক্ষ বলেছে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের সব ধরনের প্রকাশনায় বিদেশি ভাষা ব্যবহারের প্রবণতা বাড়ছে। কিন্তু এ ধরনের ব্যবহার চীনা ভাষার শুদ্ধতাকে 'গুরুতরভাবে ধ্বংস' করছে, যার 'বিরূপ প্রভাব' পড়ছে সাংস্কৃতিক পরিমণ্ডলে।
প্রকাশনা প্রশাসন থেকে আরো বলা হয়েছে, একান্তই বিদেশি শব্দ এড়ানো সম্ভব না হলে চীনা ভাষায় তার ব্যাখ্যা দিতেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/১২৫৭ ঘ.
bdnews24