২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পয়নিষ্কাশনের অভাবে ভারতের ক্ষতি ৫৪শ' কোটি ডলার

নাগরিকদের অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপনের অভ্যাস ও পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রতি বছর ৫৪শ' কোটি ডলার ক্ষতি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাগরিকদের অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপনের অভ্যাস ও পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রতি বছর ৫৪শ' কোটি ডলার ক্ষতি হয়। রোববার এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, নাগরিকদের অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপনের অভ্যাস ও যত্রতত্র মলমূত্র ত্যাগের ফলে অকাল মৃত্যু, অসুস্থদের চিকিৎসা, সময় ও উৎপাদন ক্ষমতার অপচয় এবং সর্বোপরি পর্যটন ব্যবসার আয় কম হওয়া এই বিশাল আর্থিক ক্ষতির প্রধান কারণ। এক সাংবাদিক সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার পানি ও পয়নিষ্কাশন কর্মসূচির প্রধান ক্রিস্টোফার জুয়ান কস্টাইন জানান, "আমরা কয়েক দশক ধরে ভারতের অপর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থার মারাত্মক প্রভাবের ব্যাপারে সতর্ক করে আসছি। প্রতিবেদনটিতে ভারতের আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে এবং দেখা যাচ্ছে, শিশুরা ও দরিদ্র পরিবারগুলোই দুর্বল পয়নিষ্কাশন ব্যাবস্থার দুর্ভোগ পোহায়।" 'ভারতের অর্থনীতিতে অপর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থার প্রভাব' শীর্ষক এই গবেষণায় ২০০৬ সালের তথ্যউপাত্ত ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় এই অর্থনৈতিক ক্ষতির কারণ রাষ্ট্রের দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থাপনা। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞরা জানান, প্রতি বছর ভারতের ৫ কোটি ৭৫ লাখ ডায়রিয়া রোগীর মধ্যে ৪ লাখ ৫০ হাজার রোগী মারা যায়। এখনও শহরে-গ্রামে লাখ লাখ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করে, হাত ধোয় না এবং দুর্বল পয়নিষ্কাশন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন করে। স্কুলে ও কাজের পরিবেশে অপর্যাপ্ত পয়নিষ্কাশন ব্যবস্থার কারণে নারীরা ক্ষতিগ্রস্থ হয় ও আর্থিক কর্মকান্ডে পিছিয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অবস্থা এখনও একইরকম আছে, পাল্টায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৫৩ ঘ.