নয়াদিল্লি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পার্লামেন্টে হাজির হয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেরার মুখোমুখি হতে প্রস্তুত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
টেলিকম লাইসেন্স নিয়ে দুর্নীতি ইস্যুতে মনমোহন স্বয়ং পার্লামেন্টের পাবলিক একাউন্টস কমিটির সামনে স্বেচ্ছায় হাজির হওয়ার প্রস্তাব দিয়েছেন।
কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে সোমবারের বক্তব্যে মনমোহম বলেন, তিনি টু জি স্পেকট্রাম বন্টন ইস্যুতে সংসদীয় কমিটির (পাবলিক একাউন্টস কমিটি বা পিএসি) সামনে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত। কারণ এ বিষয়ে তার লুকানোর কিছু নেই।
মনমোহন বলেন, প্রধানমন্ত্রী হিসাবে তিনি ভুল করে থাকতে পারেন। কিন্তু তার লুকাবার কিছু নেই।
টেলিযোগাযোগ মন্ত্রী আন্ডিমুথু রাজার দুর্নীতি কেলেঙ্কারি নিয়েই সবচেয়ে বেশি হেনস্থা হচ্ছে ভারত সরকার।
রাজা দরপত্র আহ্বান না করে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে টেলিকম লাইসেন্স বিক্রি করায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারিয়েছে।
দুর্নীতির জেরে রাজা পদত্যাগ করার পরও ওই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবিতে বিরোধীদলগুলো পার্লামেন্ট অচল করে রাখে।
সরকার রাজার দুর্নীতি যৌথ পার্লামেন্টারি কমিটি দিয়ে তদন্ত করতে রাজি না হওয়া পর্যন্ত পার্লামেন্ট অচল করে রাখার হুমকি দিয়েছে বিরোধীরা। কিন্তু মনমোহন তাদের এ দাবিকে অযথা জেদ বলেই বলেই মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৮ ঘ.
bdnews24