ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও প্রস্তুতিতে জড়িত সন্দেহে কয়েকজন বাংলাদেশিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসি প্রকাশিত এক খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে তিন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের বয়স ১৭ থেকে ২৮ বছরের মধ্যে।
কার্ডিফ থেকে পাঁচজন, স্টোক-অন-ট্রেন্ট থেকে চারজন এবং লন্ডন থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।
গ্রেপ্তারদের কয়জন বাংলাদেশি বা তাদের নাম-বয়স সম্পর্কে কিছু জানা যায়নি।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক বিবৃতিতে জানায়, একজন ছাড়া বাকি সবাইকে তাদের বাসা বা কাছাকাছি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
"আটকদের লন্ডন, উত্তর পূর্ব এবং পশ্চিম মিডল্যান্ডস পুলিশ স্টেশনে রাখা হবে।"
আটক ব্যক্তিদের বাড়ি ও অন্যান্য ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার জন ইয়েটস বলেন, "বেশ কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী বড় ধরনের অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
তিনি বলেন, "অভিযানটি এখনো প্রাথমিক অবস্থায় থাকার কারণে সন্দেহজনক সন্ত্রাসী হামলা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।"
এ অভিযানকে উল্লেখযোগ্য অভিযান হিসেবে অভিহিত করে বিবিসি বলেছে, আল কায়েদা প্রভাবিত সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ক তদন্তের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/পিডি/১৭৪১ ঘ.
bdnews24