কাবুল, ডিসেম্বর ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লম্বা হাতার ভারী হাতুড়ি দিয়ে লাল উত্তপ্ত একটি ধাতু খন্ড পিটিয়ে ট্রাকের কোন একটি অংশ তৈরী করছিল আফগান শিশু আব্দুল ওয়াহাব, অগ্নিস্ফুলিঙ্গের উত্তাপ আর কলিঝুলিতে মাখা মুখ থেকে ঘাম ঝরে পড়ছে, ১১ বছরের বালকের এমন চিত্র বেমানান।
আব্দুল ওয়াহাব আগানিস্তানের সেইসব শিশুদের একজন যারা পূর্ণকালীন বা খন্ডকালীন শ্রমে নিয়োজিত। আফগানিস্তানে এ ধরনের শিশুর সংখ্যা সরকারী হিসাবমতে প্রায় ১২ লাখ।
যুদ্ধপীড়িত, দারিদ্র্য ও বেকারত্বের কষাঘাতে জর্জরিত আফগানিস্তানে গোদের ওপর বিষফোঁড়ার মতো পরিবার বড় রাখার প্রবণতার কারণে সেখানে তৈরি হয়েছে এই বিশাল শ্রম বাজার। লাখ লাখ শিশুর শ্রমের ওপর নির্ভর করেই এখানে পরিবারগুলো টিকে থাকছে।
এ বছর আফগানিস্তানের স্বনির্ভর মানবাধিকার কমিশনের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের ১ কোটি ৫০ লাখ শিশুর প্রায় ৪০ শতাংশের বেশী কোন না কোনো অর্থশ্রমে নিয়োজিত। সাহায্য ও অধিকার সংগঠনগুলো বলছে, শিশুশ্রম আইনগুলো সবসময় অবজ্ঞার স্বীকার হচ্ছে।
আইনের ধারা অনুসারেই আফগান শিশুরা ১৪ বছর বয়স থেকে সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করতে পারে। কিন্তু ভারী কাজ, যেমন: আব্দুল ওয়াহাব তার বাবার কাবুলের কামারশালায় করছে; সেটি বেআইনি।
ওয়াহাবের উক্তি, "আমি স্কুলে যেতে চাই। কিন্তু এখানে আমার বাবা একা। তাই আমাকে তাকে সহায্য করতেই হবে। বাবা একা আমাদের ভরণপোষণ করতে পারেন না। কারণ বাজারে দাম খুবই চড়া। আমরা সরকার থেকে কোনো সাহায্যও পাই না।"
ওদিকে, ওয়াহাবের বাবারও কথা, " আমি ছেলেকে কাজ করতে দিতে চাই না। স্কুলে পাঠাতে চাই। কিন্তু আমাদেরকে কাজ করতেই হবে।"
৩০ বছরের যুদ্ধের পর আফগানিস্তান বিশ্বে অন্যতম দরিদ্র দেশে পরিণত হয়েছে। সেখানে জনসংখ্যার অর্ধেকই শিশু। এর মধ্যে একচতুর্থাংশ শিশুই ৫ বছরের আগে মারা যায়। আর দেশটিতে গড় আয়ু মাত্র ৪৪ বছর।
শিশুরা সেখানে যন্ত্রপাতি তৈরি, কৃষি, কার্পেট সেলাই, রাস্তায় জিনিস বিক্রি করাসহ ভিক্ষাও করে থাকে। আবার অনেক শিশু স্কুলেও যায়। পড়াশুনা শেখে। কিন্তু তাদের জন্য কোনো কাজ নেই।
শিশুদের স্কুলে পাঠানো উচিত এমন ধারণা সমাজে থাকলেও তাদেরকে কাজে পাঠানোটাই সেখানে সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। পরিবারগুলো একরকম মরিয়া হয়েই শিশুশ্রমের ওপর নির্ভর করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৫২ ঘ.
bdnews24