ইসলামাবাদ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সফরকালে শনিবার ১৫ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে দু'দেশের ব্যবসায়ীরা।
এর আগে ভারতে জিয়াবাওয়ের সফরকালে ১৬ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি সই করেছে দু দেশ। এরপরই শুক্রবার পাকিস্তান সফরে যান চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
পাকিস্তানে তিনদিনের এ সফরে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সম্পর্ক আরো সুদৃঢ় করা জিয়াবাওয়ের লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে চীনের বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য দুটি।
প্রথমত চীন পাকিস্তানকে তাদের প্রকৃত বন্ধু দেশ হিসাবেই দেখে। আর ভারতের ঝুঁকির মুখে সুদৃঢ় সম্পর্ক বহাল থাকার ব্যাপারে চীন পাকিস্তানকে আশ্বস্ত রাখতে চায়।
তাছাড়া, এর মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্রকে এ ইঙ্গিতও দিতে চায় যে, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ভারতের সঙ্গে মিত্রতা বাড়ালে চীনও পাকিস্তানের সঙ্গে মিত্রতা বাড়াবে।
এ দু'দিক বিবেচনায় রেখে পাকিস্তানের সঙ্গে বেসরকারি খাতে ১৮ টি চুক্তি করেছে চীন। সর্বশেষ এই চুক্তিগুলোতে প্রাধান্য পেয়েছে তেল ও গ্যাসক্ষেত্র, খনি, মহাকাশ প্রযুক্তি, ভারী যন্ত্রপাতি উৎপাদন, ইলেকট্রনিকসসহ আরো কিছু খাতে সহযোগিতা।
চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের 'ইন্সটিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজ' এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ঝাং লি বলেছেন, "দু'দেশই এ সফরে অংশীদারিত্ব আরো পাকাপোক্ত করবে।"
তিনি বলেন, "দক্ষিণ এশিয়া চীন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে চলতে চায়। এ সফরে সেই অবস্থানই আরো সুদৃঢ় হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৭ ঘ.
bdnews24