২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অভিনেত্রীকে উত্যক্ত করায় একব্যক্তির জেল

মার্কিন অভিনেত্রী উমা থরম্যান ও তার পরিবারকে উত্যক্তের দায়ে এক ব্যক্তিকে জেলে পাঠিয়েছে ম্যানহাটন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন অভিনেত্রী উমা থরম্যান ও তার পরিবারকে উত্যক্তের দায়ে এক ব্যক্তিকে জেলে পাঠিয়েছে ম্যানহাটন আদালত। জ্যাক জর্ডান নামের ৩৯ বছর বয়স্ক ওই ব্যক্তি নভেম্বরে তার মেরিল্যান্ডের বাসা থেকে গ্রেপ্তার হন। জ্যাক জর্ডান গত কয়েকবছর ধরে অভিনেত্রী উমা থরমানকে উত্যক্ত করছিলেন। ২০০৮ সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। জ্যাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিনেত্রী থরম্যানের বাবা ও ভাইকে বিব্রতকর ই-মেইল পঠিয়ে হেনস্থা করেছেন এবং উদ্দেশ্যহীনভাবে থরম্যানের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টের সিড়িতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন। ওই সময় অভিযুক্ত জ্যাককে পর্যবেক্ষণের আওতায় আনা হয়। দুই বছর ধরে পর্যবেক্ষণে থাকা জ্যাককে গত মাসে নতুন অভিযোগে গ্রেফতার করা হয়। এ সময় অভিযুক্ত জ্যাক ইন্টারনেটে উমা থরম্যানের খোঁজ করছিলেন। নতুন অভিযোগের শুনানির জন্য বৃহস্পতিবার তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। শুক্রবার শুনানির সময় জ্যাক নিজেকে নির্দোষ দাবী করেন। কিন্তু আদালত তাকে জেলে পাঠিয়ে দেয়। অস্কার মনোনয়ন পাওয়া অভিনেত্রী উমা থরম্যান অভিনীত ছবিগুলোর মধ্যে 'পাল্প ফিকশন', 'কিল বিল', 'দ্যা প্রডিউসার' উল্লেখযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৬ ঘ.