২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক মহড়া দেবেই দ. কোরিয়া

উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও বিরত থাকার আহ্বান সত্ত্বেও ইয়োনপিয়ং দ্বীপে প্রত্যক্ষ সামরিক মহড়া দেবেই দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 06:26 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ইয়োনপিয়ং, দক্ষিণ কোরিয়া, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও বিরত থাকার আহ্বান সত্ত্বেও ইয়োনপিয়ং দ্বীপে প্রত্যক্ষ সামরিক মহড়া দেবেই দক্ষিণ কোরিয়া। ওদিকে শনিবার এ সামরিক মহড়া শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা শুরু করতে দেরি হচ্ছে বলে রোববার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "সামরিক মহড়া বাতিল করার কোনো পরিকল্পনা নেই। আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছি মাত্র।" ওদিকে রাশিয়ার অনুরোধে কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নভেম্বরে এই ইয়োনপিয়ং দ্বীপেই উত্তরের গোলা হামলায় ২ বেসামরিক নাগরিকসহ ৪ জন নিহত হয়। ওই ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর পীত সাগরে যৌথ সামরিক মহড়া চলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিলো, পরিকল্পনা অনুযায়ী পশ্চিম উপকূলের ৮০ কিলোমিটারের ওই ক্ষুদ্র দ্বীপে ১৮ থেকে ২১ ডিসেম্বরের সামরিক মহড়া চলবে। শুক্রবার উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলে, দক্ষিণ কোরিয়া বিতর্কিত ওই দ্বীপে পরিকল্পনামাফিক সামরিক মহড়া চালালে আবার হামলার মুখে পড়বে এবং তা হবে গত মাসের হামলার চেয়েও ভয়ঙ্কর। এ পরিস্থিতিতে শুক্রবার বেইজিং উভয়পক্ষকে সহনশীলতার পরিচয় দিতে আহ্বান জানায়। কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ এক বিবৃতিতে বলেন, "কোরীয় উপদ্বীপের বর্তমান অবস্থা খুবই জটিল এবং স্পর্শকাতর। বিষয়টি নিয়ে চীন খুব উদ্বিগ্ন।" এছাড়া সিউল ও ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে তলব করে সামরিক মহড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দক্ষিণ কোরিয়াকে এ মহড়া স্থগিত করার আহ্বান জানায় রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১২১৯ ঘ.