কাবুল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর এক সদস্য রোববার রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে মারা গেছেন। এ নিয়ে ২০১০ সালে দেশটিতে বিদেশি সেনার মৃত্যুর সংখ্যা ৭০০ এ পৌঁছেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাতে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃতে চালানো সামরিক অভিযানের পর প্রায় ২ হাজার ২৭০ জন বিদেশি সেনার মৃত্যু হয়েছে; যাদের দুই-তৃতীয়াংশই আমেরিকার।
আফগান যুদ্ধ শুরুর পর ২০১০ সালেই সবচেয়ে বেশি বিদেশি সেনার প্রাণহানি হয়েছে। এর আগে এক বছরে সবচেয়ে বেশি ৫২১ জন বিদেশি সেনার প্রাণহানি হয়েছিলো ২০০৯ সালে।
ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (আইএসএএফ) জানিয়েছে, দক্ষিণ আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনার মৃত্যু হয়।
তবে বিস্ফোরণের আর কোনো বিস্তারিত এবং নিহত সেনা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি আইএসএএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএইচ/১০৩৭ ঘ.
bdnews24