কারাকাস, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনিজুয়েলার বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে বিশেষ ক্ষমতা দিয়েছে দেশটির পার্লামেন্ট।
শুক্রবার দেওয়া এই ক্ষমতার ফলে কংগ্রেসের সমর্থন ছাড়াই আগামী ১৮ মাস ডিক্রি জারির মাধ্যমে আইন পাস করতে পারবেন শ্যাভেজ।
এ নিয়ে ১২ বছর আগে ক্ষমতায় আসা শ্যাভেজ চতুর্থ বারের মতো এ ধরনের ক্ষমতা পেলেন।
শ্যাভেজের সমালোচকরা বলছেন, পার্লামেন্টের এ পদক্ষেপের ফলে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশটি 'বামধারার একনায়কীয়' শাসনের কবলে পড়তে যাচ্ছে।
তারা বলছেন, জানুয়ারিতে নতুন কংগ্রেস শপথ নেওয়ার আগে ক্ষমতা সুসংহত করতে বন্যার সুযোগ নিচ্ছেন শ্যাভেজ।
বন্যায় প্রায় এক লাখ ৪০ হাজার লোক বাস্তুচ্যুত হওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় এক বছরের জন্য শাসন ক্ষমতা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন শ্যাভেজ। তবে তার স্যোশালিস্ট পার্টির সদস্যদের নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বেলি তা ১৮ মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এর ফলে প্রেসিডেন্ট শ্যাভেজ ডিক্রি জারির মাধ্যমে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত ভেনিজুয়েলার ক্ষমতায় থাকতে পারবেন। যার কয়েক মাস পরেই ভেনিজুয়েলায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
শ্যাভেজ জানিয়েছেন, ডিক্রির মাধ্যমে পাস করার জন্য তিনি ২০টি নতুন আইনের খসড়া প্রস্তুত করেছেন। তার মধ্যে পুনর্গঠন তহবিলের জন্য মূল্য সংযোজন কর বাড়ানোর পদক্ষেপও রয়েছে।
শ্যাভেজ সমর্থকদের নিয়ন্ত্রিত ভেনিজুয়েলার বর্তমান পার্লামেন্টের অল্প কয়েকটি অধিবেশন বাকি আছে। আগামী জানুয়ারিতে বসতে যাওয়া নতুন কংগ্রেসে শ্যাভেজের অনেক বিরোধী বসবেন, যারা গত সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।
ধারণা করা হচ্ছিলো, নতুন পার্লামেন্টে আইন পাস করার ক্ষেত্রে শ্যাভেজ জটিলতায় পড়তেন। এই বিশেষ ক্ষমতা পাওয়ায় তাকে আর সেই জটিলতায় পড়তে হবে না।
বিরোধীদের আশঙ্কা, নতুন এই ক্ষমতা ভেনিজুয়েলাকে বামধারার একনায়কীয় শাসনের কাছাকাছি নিয়ে যেতে ব্যবহার করতে পারেন শ্যাভেজ।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে শ্যাভেজ বলছেন, "আমরা এখানে একটি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করছি এবং সেখান থেকে ফেরার পথ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/২১৪৪ ঘ.
bdnews24