আবিদজান/ওয়াশিংটন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো নির্বাসন যেতে চাইলে বাধা দেবে না বলে অঙ্গীকার করেছে আফ্রিকান ইউনিয়ন।
ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা শুক্রবার একথা জানান।
পশ্চিম আফ্রিকা বিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উইলিয়াম ফিৎজেরাল্ড শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আফ্রিকান ইউনিয়নের অন্তত একটি প্রস্তাব রয়েছে, আর তা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাসন। কিন্তু তা গ্রহণ করবেন কিনা সেটি তার (জিব্যাগবো) ওপর নির্ভর করছে।"
অল্প কয়েকদিনের মধ্যে সংকটের সমাধান না হলে জিব্যাগবো ও তার মিত্রদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে তিনি জানান।
দশকব্যাপী সংঘাত অবসানের লক্ষ্যে গত ২৮ নভেম্বর পশ্চিম আফ্রিকার এ দেশটিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াতারাকে বিজয়ী বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।
কিন্তু আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ এই ফলাফলকে সমর্থন জানালেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট জিব্যাগবো তা মেনে নেননি। জিব্যাগবোর এক মিত্রের নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ নির্বাচনী ফলাফলকে অবৈধ ঘোষণা করে।
এরপর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে জিব্যাগবো প্রধানমন্ত্রীও নিয়োগ দেন। প্রতিপক্ষ আলাসানে ওয়াতারাও প্রেসিডেন্ট হিসেবে পৃথকভাবে শপথ নেন।
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া রাজনৈতিক অচলবস্থার মধ্যে বৃহস্পতিবার ওয়াতারার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার আইভরি কোস্টের সেনাবাহিনীর প্রতি লরেন্ট জিব্যাগবোর ওপর থেকে সমর্থন সরিয়ে ওয়াতারার নির্দেশ পালনের আহ্বান জানান।
পাশাপাশি, কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রয়োজনে জিব্যাগবোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করে তাকে সরাতে হবে। কারণ এখন তিনি জনগণকে ভয় দেখানোর জন্য সামরিক শক্তির ওপর নির্ভর করছেন, জনগণের ক্ষমতার ওপর নয়।"
"আফ্রিকান ইউনিয়নের চাপ বাড়াতে হবে।", বলেন তিনি।
জিব্যাগবোর মুখপাত্র আলাইন তওসেইন্ট লন্ডনে রয়টার্সকে বলেন, "ইউরোপীয় ইউনিয়নের আহ্বান সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং কলঙ্কজনক।"
এর আগে নির্বাচন নিয়ে অচলাবস্থার প্রেক্ষিতে দেশটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে আফ্রিকান ইউনিয়ন।
জিব্যাগবোকে ক্ষমতা ছাড়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার ইকোওয়াস ব্লক অনুরোধ জানিয়ে আসলেও তিনি তা প্রত্যাখান করেছেন।
গত ১০ বছর ধরে আইভরি কোস্টের ক্ষমতায় রয়েছেন লরেন্ট জিব্যাগবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫৬ ঘ.
bdnews24