২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৪

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তরপশ্চিমাঞ্চলীয় খায়বার অঞ্চলে শুক্রবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 12:29 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ল্যান্ডিকোটাল, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তরপশ্চিমাঞ্চলীয় খায়বার অঞ্চলে শুক্রবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন নিহত হয়েছে। দু'দিনে এটি ৪র্থ দফা ক্ষেপণাস্ত্র হামলা। গোয়েন্দা কর্মকর্তারা একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এ বছর পাকিস্তানে ড্রোন হামলা বাড়িয়েছে। এর বেশির ভাগই চালানো হচ্ছে উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলে। ওই এলাকাটি আল কায়েদা ও তালেবান জঙ্গিদের ঘাঁটি হিসাবে পরিচিত। কিন্তু খায়বার অঞ্চলে সচরাচর ড্রোন হামলা চালানো হয় না। এ অঞ্চলটি জঙ্গি সংগঠন লস্কর ই ইসলামির আস্তানা। পাকিস্তানের তালেবানদের সঙ্গে দলটির সংশ্রব আছে। তবে অন্যান্য দলগুলোর সঙ্গে এই সংগঠনটি প্রায়ই সংঘাতে লিপ্ত থাকে। শুক্রবার খায়বার অঞ্চলের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তিরাহ উপত্যাকায় শুক্রবারের তিনটি ড্রোন হামলায় ২৪ সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার প্রাথমিক খবর পেয়েছি আমরা। অন্য একজন গোয়েন্দা কর্মকর্তা নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, তৃতীয় হামলায় ৪ সন্দেহভাজন জঙ্গি মারা পড়েছে। তবে নিহতরা সবাই জঙ্গি কিনা তা নিরপেক্ষ কোনো সূত্রে তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৭ ঘ.