২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে এক যুবকের ছুরিকাঘাতে ১৩ জন আহত

টোকিওতে স্কুল ও যাত্রীবাহী দুটি পৃথক বাসে এক বেকার যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই স্কুলছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

টোকিও, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোকিওতে স্কুল ও যাত্রীবাহী দুটি পৃথক বাসে এক বেকার যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই স্কুলছাত্র। পুলিশ ও সংবাদমাধ্যমসূত্রে শুক্রবার এ খবর জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ২৭ বছর বয়সী ওই যুবক নিজের মৃত্যু চায় বলে পুলিশকে জানিয়েছে। সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, টোকিওর উত্তরপূর্বাঞ্চলীয় টোরিডের কাছে একটি স্কুলবাসে উঠে ওই যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাতে ১১ জন স্কুলছাত্রকে আহত করে নেমে যায়। এরপর দ্বিতীয় একটি যাত্রীবাহী বাসে উঠে ওই যুবক যাত্রীদের ওপর হামলা চালায়। যাত্রীরা ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই যুবককে 'হত্যা প্রচেষ্টা'র অভিযোগে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে বেশ কয়েক সপ্তা হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। বাকিদের তেমন কিছু হয়নি বলে স্থানীয় অগ্নিনির্বাপন বিভাগের সূত্রে বিবিসি জানিয়েছে। টোকিওতে ২০০৮ সালে এক ব্যক্তির ছুরিকাঘাতে সাত ব্যক্তি নিহত হয়। শুক্রবারের এই ঘটনা সেই স্মৃতিকেই ফিরিয়ে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬৩৬ঘ.