বাগদাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বড়দিনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপে হামলা চালানোর পরিকল্পনা করছে আল কায়েদা।
এক বছর আগে বড়দিনে যুক্তরাষ্ট্রগামী বিমানে বোমা হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নতুন করে এ হামলা পরিকল্পনা করছে আল কায়েদা। বৃহস্পতিবার এক ইরাকি কর্মকর্তা একথা জানিয়েছেন।
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সন্ত্রাস বিরোধী কর্মসূচির প্রধান মেজর জেনারেল দিয়া হুসেইন জানান, আল কায়েদার ইরাকি শাখার ধরা পড়া এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদেও সময় এ তথ্য পাওয়া গেছে।
গত মাসে ব্যাপক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ৩৯ জঙ্গির একটি দলের সঙ্গে ওই জঙ্গিও পাকড়াও হয়।
কর্তৃপক্ষ জানায়, গত মাসের অভিযানে ইরাকে আল কায়েদা শাখার শীর্ষ কর্মকর্তারাসহ আনবার প্রদেশের এবং পশ্চিমা প্রদেশ আনবারের নেতারা ধরা পড়ায় বড় ধরনের ধাক্কা খায় আল কায়েদা স্থানীয় শাখা ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই)।
ওই ধরা পড়াদেরই একজন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপে হামলা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। তারা এ লক্ষ্য অর্জনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান হুসেইন।
তিনি বলেন ইরাক আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপকে এরই মধ্যে এ বিষয়টি জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের জিজ্ঞাসাবাদকারীও ইতোমধ্যেই জঙ্গিদের সঙ্গে কথা বলেছে।
বাগদাদে যুক্তরাষ্ট্রের সৈনিকদের মহিলা মুখপাত্র কেলি লেন বলেন, হামলার হুমকির ব্যাপারে আমরা সচেতন। এ ধরনের হুমকি মোকাবেলার জন্য ইরাকে ইউ.এস. মিশন এবং ইরাক সরকার একসঙ্গে কাজ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24