লন্ডন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার লন্ডনের হাই কোর্টের বিচারক ডানক্যান উইসলি দুই লাখ পাউন্ডের মুচলেকায় কিছু শর্তাধীনে অ্যাস্যাঞ্জের জামিন মঞ্জুর করেন।
তবে মঙ্গলবার লন্ডনের একটি নিু আদালত অ্যাস্যাঞ্জের জামিনের ব্যাপারে যে সব শর্ত দেয় তাতে কিছু পরিবর্তন এনেছেন উইসলি।
সুইডেনের দুই নারীর যৌন নিপীড়নের মামলায় আটক অ্যাস্যাঞ্জকে মঙ্গলবার লন্ডনের একটি নিু আদালত জামিন মঞ্জুর করে। ওই জামিনের বিরুদ্ধে লন্ডনের হাই কোর্টে ব্রিটিশ কৌসুলিদের করা আবেদনের কারণে কারাগারে ফিরে যেতে হয় তাকে।
জামিনের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার 'রয়েল কোর্টস অব জাস্টিস ইন লন্ডন'র বিচারক উইসলি অ্যাস্যাঞ্জের জামিনের আদেশ বহাল রাখেন।
জামিনের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, অ্যাস্যাঞ্জকে অবশ্যই ইস্টার্ন ইংল্যান্ডে এক সমর্থকের বাড়িতে থাকতে হবে এবং একটি ইলেকট্রনিক ট্যাগ পরাসহ প্রতিদিন তাকে পুলিশের কাছে হাজিরা দিতে হবে।
অ্যাস্যাঞ্জের দেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দাবি করে তার জামিনের বিরোধিতা করেন ব্রিটিশ কৌসুলিরা।
অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে মামলা পরিচালনায় ব্রিটিশ না সুইডিশ কৌসুলিরা জড়িত তা নিয়ে বিভ্রান্তি ছিলো সব মহলে।
তবে সুইডিশ কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, মামলাটি ছিলো ব্রিটিশ কৌসুলিদের হাতে।
অ্যাস্যাঞ্জের জামিনের পক্ষে মানবাধিকার কর্মী জেমিমা খান, বিয়াঙ্কা জাগের এবং চলচ্চিত্রকার কেন লোচের মতো বিখ্যাত ব্যক্তিরা ভূমিকা রাখেন।
্
অ্যাস্যাঞ্জ এখন সুইডেনের কাছে হস্তান্তরের আবেদনের বিরুদ্ধে লড়বেন। যৌন নিপীড়নের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অ্যাস্যাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তরের আবেদনের শুনানি ফ্রেবুয়ারির শুরুর দিকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আড়াই লাখ গোপন নথি ফাঁস করে ওয়াশিংটনের তোপের মুখে পড়ে উইকিলিক্স ও ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।
এর আগে জুলাই ও অক্টোবরে আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে পেন্টাগনের কয়েক লাখ গোপন নথি ফাঁস করে উইকিলিক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১২ ঘ.
bdnews24