ওয়াশিংটন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করার মত সাক্ষ্য প্রমাণ খুঁজছে মার্কিন ফেডারেল কৌসুলিরা।
নিউ ইয়র্ক টাইমস বুধবার এক প্রতিবেদনে বলেছে, অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্র সরকারের গোপন তথ্য ফাঁস করার জন্য মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক ব্রাডলি ম্যানিংয়ের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন কিনা সে বিষয়ে সাক্ষ্য প্রমাণ খুঁজছেন কৌসুলিরা। মার্কিন সরকারের গোপন নথি ফাঁসের পিছনে ব্রাডলির হাত রয়েছে বলে সন্দেহ করা হয়।
জুলাই ও অক্টোবরে আফগান ও ইরাক যুদ্ধ নিয়ে পেন্টাগনের কয়েক লাখ গোপন নথি ফাঁস করে উইকিলিক্স। আর নভেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা ফাঁস করে দুনিয়া জুড়ে আলোচনার ঝড় তোলে ওয়েবসাইটটি।
সুইডেনের দুই নারীর যৌন নিপীড়নের মামলায় ব্রিটেনে আটক রয়েছেন অ্যাস্যাঞ্জ। মঙ্গলবার লন্ডনের একটি আদালত তার জামিন মঞ্জুর করলেও জামিনের বিরুদ্ধে সুইডিশ কৌসুলিদের আবেদনের প্রেক্ষিতে আবার কারাগারে ফিরে যেতে হয় অ্যাস্যাঞ্জকে।
বৃহস্পতিবার জামিনের বিরুদ্ধে করা আবেদনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে আদালতের।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কম্পিউটার ব্যবস্থা থেকে পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি বের করতে অ্যাস্যাঞ্জ সামরিক বিশ্লেষক ম্যানিংকে উৎসাহিত বা সহায়তা করেছেন, এমন কোনো তথ্য-প্রমাণ খুঁজছেন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের জন্য ষড়যন্ত্রের অভিযোগ তোলা হবে অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে।
তবে ওই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
উইকিলিক্স ও ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ১৯১৭ সালের গুপ্তচর বৃত্তির আইন লঙ্ঘনসহ একাধিক ফৌজদারি অভিযোগ তোলার তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৭২১ ঘ.
bdnews24