২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে

পাকিস্তানে মঙ্গলবার মন্ত্রী বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে একটি ইসলামিক দল ক্ষমতাসীন কোয়ালিশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় হুমকির মুখে পড়েছে সরকারের স্থিতিশীলতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে মঙ্গলবার মন্ত্রী বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে একটি ইসলামিক দল ক্ষমতাসীন কোয়ালিশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় হুমকির মুখে পড়েছে সরকারের স্থিতিশীলতা। ইসলামিক দল জামিয়াত ই-উলেমা-ই-ইসলাম (জেইউআই) এর এক মন্ত্রী বরখাস্তের প্রতিবাদে দলটির নেতা ফজলুর রহমান জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, "কোয়ালিশনে থাকা অসম্ভব। আমরা সরকারকে বিদায় জানাচ্ছি।" দলের এক বৈঠকের পর ফজলুর রহমান সাংবাদিকদের একথা বলেন। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল জেইউআই এর এক মন্ত্রীসহ দুই মন্ত্রীকে বরখাস্ত করার পর দলটি সরকার থেকে বেরিয়ে যাওয়ার এ ঘোষণা দিলো। দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া অপর মন্ত্রী হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ আজম খান সেয়াতি। জেইউআই পাকিস্তান সরকারের ছোট শরিক দল। এ দলের প্রস্থানে সরকার পতনের সম্ভাবনা না থাকলেও এতে করে জাতীয় পরিষদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা কমে যাবে এবং পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেবে। মন্ত্রী বরখাস্ত হওয়াকেই সরকার থেকে বেরিয়ে যাওয়ার কারণ উল্লেখ করে জেইউআই এর নেতা ফজলুর রহমান বলেন, "আমরা আজ থেকে সরকার ছেড়ে যাচ্ছি। আমাদের সিদ্ধান্ত পাকা।" তিনি আরো জানান, মন্ত্রিসভায় তাদের পর্যটন ও আবাসন মন্ত্রীও পদত্যাগ করবেন। জেইউআই এর এ পদক্ষেপে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ আইন পাশে অসুবিধায় পড়বে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ ঘ.