২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সোমবার তলব করেছে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

তেহরান, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সোমবার তলব করেছে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া লন্ডনের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের আইনপ্রণেতারা। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ব্রিটেনের তেহরান দূতাবাসের ওয়েবসাইটে ইরানের সমালোচনা করে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশ হওয়ায় এবং লন্ডনে বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে সহিংস ও নিষ্ঠুর দমননীতি নেওয়ার ঘটনার ব্যাখ্যা চেয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন গাসকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বিতর্কিত পরমাণু কমসূচি নিয়ে লন্ডনের সঙ্গে তেহরানের সম্পর্কে টানাপোড়েন রয়েছে। এছাড়া, ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে ব্রিটেন মদদ দেয় বলে অভিযোগ করে আসছে ইরান কর্তৃপক্ষ। ৯ ডিসেম্বরের ওই নিবন্ধে গাস ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অতীতে তার করা সমালোচনার পক্ষে যুক্তি দেন এবং ইরানে মানবাধিকার কর্মীদের হয়রানি করা ও সাজা দেওয়া হয় বলে অভিযোগ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মেহর জানিয়েছে, এ ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলা হয়েছে, তিনি কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, সোমবার সকালে ইরানের আইনপ্রণেতারা ব্রিটেনের সঙ্গে সম্পর্ক কমাতে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের প্রতি আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৩৭ ঘ.