স্টকহোম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার
আত্মঘাতী হামলা চালিয়েছে ইরাকি বংশোদ্ভূত নাগরিক। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তারা একরকম নিশ্চিত।
এক কর্মকর্তা সোমবার জানান, হামলাকারী যে ইরাকি বংশোদ্ভূত এ ব্যাপারে তারা ৯৮ শতাংশ নিশ্চিত। ১৯৯২ সালে সে সুইডেনে যায়।
সোমবার এক সংবাদ সম্মেলনে মামলার প্রধান কৌঁসুলি টমাস লিন্ডস্ট্রান্ড জানিয়েছেন, আত্মঘাতী ওই ব্যক্তি একটি বোমার বেল্ট বহন করেছে এবং সম্ভবত প্রধান রেলওয়ে ষ্টেশনে লোকজনের মধ্যে অথবা শহরের কেন্দ্রস্থলের কোন ডিপার্টমেন্ট স্টোরে সে বোমাটির বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলো।
বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে তাইমুর আব্দুলওয়াহাব বলে শনাক্ত করেছে। সোমবার একথা জানিয়েছেন এক সরকারী কর্মকর্তা।
তদন্তের অংশ হিসেবে রোববার রাতে উত্তর লন্ডনের একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে বৃটিশ পুলিশ তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তল্লাশি চালিয়ে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ।
সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার রাতে দুটি বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড এ ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এজে/এলকিউ/১৯৪১ ঘ.
bdnews24