স্টকহোম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার সন্ত্রাসী হামলার পর তদন্তকাজের আওতায় সোমবার দক্ষিণ ইংল্যান্ডের একটি বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তল্লাশি চালিয়ে বিপজ্জনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটেনের পুলিশ।
পুলিশ জানায়, তারা সন্ত্রাসদমন আইনের আওতায় তারা লুটন শহরে একটি বাড়ি তল্লাশি করে দেখছে। বাড়িটি চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে।
সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার রাতে দুটি বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড এ ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেন।
কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ব্রিটেনে পড়াশুনা করা ইরাকি বংশোদ্ভুত এক সুইডিশ নাগরিক এ হামলা চালিয়ে থাকতে পারে।
ওই ইরাকি দীর্ঘদিন ব্রিটেনে কাটিয়েছে বলে ওয়েবসাইট সূত্রে জানা গেছে। গোয়েন্দা একটি ওয়েবসাইট ব্যক্তিটির নাম তাইমুর আব্দুলওয়াহাব বলে জানিয়েছে।
সুইডিশ ডেইলি এক্সপ্রেস সোমবার জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী প্রধান রেলওয়ে স্টেশনসহ একটি বড় ডিপার্টমেন্ট স্টোওে তিনটি ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/এলকিউ/১১২৩ ঘ.
bdnews24