২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোয় পার্লামেন্ট নির্বাচন

তিন বছর আগে সার্বিয়া থেকে একতরফা স্বাধীনতা ঘোষণার পর রোববার প্রথম ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে কসোভোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

প্রিস্টিনা, ডিসেম্বর ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- তিন বছর আগে সার্বিয়া থেকে একতরফা স্বাধীনতা ঘোষণার পর রোববার প্রথম ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে কসোভোতে। ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণার পর এই নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন কসোভোর জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে মন্তব্য করে জানিয়েছে, অবাধ ও সুষ্ঠ নির্র্বাচন ইউরোপীয় ইউনিয়নে কসোভোর ভবিষ্যৎ অন্তর্ভূক্তির অন্যতম শর্ত। বিভিন্ন পশ্চিমা দেশ কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিলেও কসোভো এখনও জাতিসংঘের সদস্য দেশ নয়। দশ বছর আগে ন্যাটোর বোমাবর্ষণ সার্বীয় বাহিনীকে কসোভো ছেড়ে যেতে বাধ্য করলেও জাতিগত আলবেনীয় ও জাতিগত সার্বদের মধ্যে সম্পর্ক এখনও স্বাভাবিক নয়। ২০ লাখ অধিবাসীর মধ্যে ১ লাখ ২০ হাজার জাতিগত সার্বীয়। আর বাকীরা জাতিগত আলবেনীয়। সার্বিয়া কসোভার স্বাধীনতা স্বীকার করেনি। ওদিকে, সংখ্যালঘু সার্বরা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। উত্তর কসোভোয় সার্বিয়ার সীমান্তসংলগ্ন সার্ব অধ্যুষিত শহর মিত্রভিকায় নির্বাচন বিরোধী পোস্টার লাগানো হয়েছে যেখানে "ভুয়া রাষ্ট্র কসোভোর নির্বাচনকে বর্জন করুন" শ্লোগান সাঁটা আছে। ক্ষমতায় থাকা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিডিকে) ও ডেমোক্র্যাটিক লিগ অব কসোভো (এলডিকে) এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে জনমত জরিপগুলোতে। উভয় দলই প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের অঙ্গীকার করেছে। ১২০ জন সংসদ সদস্য নির্বাচনের লক্ষ্যে ১৬ লাখ ভোটার নির্বাচনে ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। সংসদের ১২০ টি আসনের মধ্যে ২০ টি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। ৮৪০ জন আন্তর্জাতিক প্রতিবেদকসহ ৩২ হাজার নির্বাচনী পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এবি / এলকিউ/১৫০৭ ঘ.