স্টকহোম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার রাতে দুটি বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড এ ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করেছেন। হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বার্তাসংস্থা টিটি জানিয়েছে, আফগানিস্তানে সুইডিশ সেনাদের উপস্থিতি ও এক বছর আগে হযরত মুহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে হুমকি দিয়ে তাদের কাছে পাঠানো একটি চিঠি তারা পাওয়ার পর ওই বিস্ফোরণ দুটি ঘটে।
প্রথমে ড্রোটিংগাটানের বাণিজ্যিক এলাকার সড়কে একটি গাড়িতে বিস্ফোরণ হয় এবং তার কয়েক মিনিট পরই কাছাকাছি আরেকটি এলাকায় হয় দ্বিতীয় বিস্ফোরণ।
পুলিশ বলছে, দ্বিতীয় বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানালেও তা নিশ্চিত হওয়া যায়নি। সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ড বলেন, এটা সন্ত্রাসী হামলা এবং তা ভয়াবহ হতে পারতো। তবে সন্ত্রাসীদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১১২৩ ঘ.
bdnews24