২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুয়ানতানামো বন্দি স্থানান্তর ঠেকাতে বিল পাস

কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দিদের যুক্তরাষ্ট্রের মাটিতে স্থানান্তর নিষিদ্ধ করে বুধবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দিদের যুক্তরাষ্ট্রের মাটিতে স্থানান্তর নিষিদ্ধ করে বুধবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এ বিলের আওতায় যে কোনো অবস্থাতেই গুয়ানতানামো কারাগারের কোনো বন্দিকে যুক্তরাষ্ট্রের মাটিতে স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া এক্ষেত্রে সরকারের কোনো অর্থ ব্যয়ও নিষিদ্ধ করা হয়েছে। এতে করে অপরাধ আদালতে গুয়ানতানামো বন্দিদের বিচার করার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টা ব্যাহত হলো। বিলটি পাসের আগে গুয়ানতানামো বন্দিদের দেশে নিয়ে এসে যুক্তরাষ্ট্রের ফৌজদারি আদালতে বিচার করার সুযোগ ছিলো সরকারের। ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন অন্যতম হোতা খালিদ শেখ মোহাম্মদ শেখকে গত বছর ফৌজদারি আদালতে বিচার করে যুক্তরাষ্ট্র। বিচারে ১৯৯৮ সালে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা ছাড়া ২৮৫টি অভিযোগের সব কয়টিতে নির্দোষ প্রমাণিত হন খালিদ। তখন থেকেই এ উদ্যোগের তীব্র বিরোধিতা করে আসছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। তাদের সঙ্গে ওবামার দল ডেমোক্র্যাটের সদস্যরাও যোগ দেন। গুয়ানতানামো কারাগারের বন্দিদের বিশেষ সামরিক আদালতে বিচার হওয়া উচিত বলে মনে করেন তারা। তবে গুয়ানতানামো বন্দিদের যুক্তরাষ্ট্রের মাটিতে নেওয়া নিষিদ্ধের এ বিল পাস হওয়ায় এর কড়া সমালোচনা করেছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, "আমরা এ বিলের তীব্র বিরোধিতা করছি।" এ বিলের মধ্য দিয়ে সন্ত্রাসীদের এনে বিচারের মুখোমুখি করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রগতিতে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২৩ ঘ.