লন্ডন, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/ রয়টার্স)--- ব্রিটেনে গুপ্তচর সন্দেহে এক রুশ তরুণীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নাম কাতিয়া জাতুলিবেতার।
২৫ বছর বয়সী কাতিয়া ব্রিটিশ পার্লমেন্টে লিবারেল ডেমোক্র্যাট দলের এমপি মাইক হ্যানককের গবেষণা সহকারী হিসেবে কাজ করে আসছিলেন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে এমআইফাইভ এর নির্দেশে কাতিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্রিটেন থেকে বহিস্কার করা হতে পারে।
রোববার 'দ্য সানডে টাইমস' পত্রিকা একথা জানিয়েছে। কাতিয়া গোপনে রুশ গোয়েন্দা সংস্থার "ঘুমন্ত" চর হিসাবে কাজ করে এসেছেন বলে মন্তব্য করেছে পত্রিকাটি।
তবে হ্যানকক এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার সহযোগী এ ধরনের কোন কাজে জড়িত নন। তিনি রাশিয়ার চরও নন।
মাইক হ্যানকক ব্রিটিশ প্রতিরক্ষা নিয়োগ কমিটির সদস্য। প্রতিরক্ষা কৌশল পর্যালোচনা করা এই কমিটির দায়িত্ব। তবে রাষ্ট্রিয় গোপন তথ্য জনার অধিকার এ কমিটির নেই।
হ্যানকক জানান, গত বৃহস্পতিবার কাতিয়াকে গ্রেপ্তার করে লন্ডনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। পরে তাকে আরেকটি সেন্টারে নিয়ে যাওয়া হয়।
লন্ডনের রুশ দূতাবাস থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আবি/এলকিউ/২২০৪ ঘ.
bdnews24