২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানল সামলাতে হিমশিম ইসরায়েল, তোপে সরকার

আন্তর্জাতিক সহায়তা নিয়েও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ৪ দিনেও দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার কারণে তোপের মুখে পড়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 09:55 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

হাইফা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক সহায়তা নিয়েও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ৪ দিনেও দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার কারণে তোপের মুখে পড়েছে সরকার। সরকারি কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করার দাবি তুলেছেন রাজনীতিবিদ ও পন্ডিতরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের মধ্য থেকেও সমালোচনার ঝড় উঠেছে। অগ্রসরমান, আধুনিক ইসরায়েল রাষ্ট্রে এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জনকল্যাণমন্ত্রী আইজ্যাক হারজগ। সব রোষ গিয়ে পড়েছে অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইসাই এর ওপর। আগুন নিভানোয় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য এলি ইসায়ের পদত্যাগ দাবি করেছেন অনেকেই। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দাবানলে ইসরায়েলে নিহত হয়েছে ৪১ জন, বাস্তুচ্যুত হয়েছে ১৭ হাজার মানুষ, পুড়ে গেছে ১২ হাজার একর বনাঞ্চল। বন্দর নগরী হাইফার কাছে কার্মেল পাহাড়ে এ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক বাহিনী। আকাশ থেকে অগ্নিনির্বাপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রায় অর্ধডজন বিমান। কিন্তু তারপরও নিয়ন্ত্রণে আনা যায়নি ভয়াবহ এ দাবানলকে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ইতোমধ্যেই অগ্নিনির্বাপণের চেষ্টায় নেমেছে রাশিয়া, তুরস্ক, গ্রিস, ব্রিটেন, ফ্রান্স, সাইপ্রাসের বিমান। যুক্তরাষ্ট্র, স্পেন ও সুইজারল্যান্ডের বিমান এবং হেলিকপ্টারও অবিলম্বে এ চেষ্টায় যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক বিরল ফোনালাপে এ দুর্যোগে সহায়তার প্রস্তাব দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৯ ঘ.